Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দ্বিতীয় টেস্টে বুমরাহকে বিশ্রামের ভাবনা, আজ গম্ভীরের বাড়িতে নৈশভোজে দল

ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম টেস্টে মাত্র আড়াই দিনে হারিয়েছে ভারত। জয় এসেছে ইনিংস ও ১৪০ রানে

দ্বিতীয় টেস্টে বুমরাহকে বিশ্রামের ভাবনা, আজ গম্ভীরের বাড়িতে নৈশভোজে দল
  • ৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম টেস্টে মাত্র আড়াই দিনে হারিয়েছে ভারত। জয় এসেছে ইনিংস ও ১৪০ রানে। শুক্রবার কোটলায় শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে টিম ইন্ডিয়া ভাবছে যশপ্রীত বুমরাহর ওয়ার্কলোড নিয়ে। দুর্বল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাঁকে এই টেস্টেও খেলানোর কোনও প্রয়োজন রয়েছে কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন।

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে যে কোটলার পিচ ব্যাটিং সহায়ক হচ্ছে। মোতেরার মতো ঘাস থাকছে না বাইশ গজে। কালো মাটির এই পিচে ব্যাটারদের পাশাপাশি সুবিধা পাবেন স্পিনাররাও। ২০২৩ সালে শেষবার এখানে টেস্ট হয়েছিল। তাতে টস জিতে ব্যাট করতে নেমে তিন দিনের মধ্যেই বশ মানে অস্ট্রেলিয়া। স্লো-টার্নার পিচে দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ম্যাচের সেরাও হন তিনি। বাঁ-হাতি অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেও হয়েছেন ‘ম্যান অব দ্য ম্যাচ’। তবে দু’বছর আগের সেই টেস্টে ছয় উইকেট পাওয়া রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছেন।
কোনও সন্দেহ নেই যে, কোটলার মন্থর গতির ঘূর্ণি পিচে ফের জাড্ডু ভারতের সেরা অস্ত্র। সঙ্গে থাকছেন কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দররা। অনেকেই মনে করছেন, এমন পিচে অহেতুক বুমরাহকে নামিয়ে লাভ নেই। তাঁকে বিশ্রাম দিয়ে বরং খেলানো হোক প্রসিদ্ধ কৃষ্ণকে। ঘরের মাঠে এখনও কোনও টেস্ট খেলেননি তিনি। রোস্টন চেজের দলের বিরুদ্ধে তাই দেখে নেওয়া যেতেই পারে তাঁকে। মিডল অর্ডারে চর্চায় আছেন দেবদূত পাদিক্কালও। কিন্তু প্রথম এগারোয় তিনজন অলরাউন্ডার নিয়ে খেলছে শুভমান গিল ব্রিগেড। জাদেজা ছাড়াও রয়েছেন সুন্দর এবং নীতীশ রেড্ডি। এঁদের কাউকে বসাতে হয় পাদিক্কালকে খেলানোর জন্য। আর সেখানেই সমস্যা। 
টিম ইন্ডিয়া অবশ্য রয়েছে ফুরফুরে মেজাজে। বুধবার সাপোর্ট স্টাফ সহ গোটা দলকে নিজের বাড়িতে নৈশভোজে ডেকেছেন কোচ গৌতম গম্ভীর। তিনি চাইছেন বাড়ির বাগানে খোলা আকাশের নীচে আয়োজন করতে। কিন্তু বৃষ্টি হলে তা বাতিল হবে। তখন অন্য ব্যবস্থা করতে হবে গম্ভীরকে। তাঁর বাড়িতে আসার আগে অবশ্য কোটলায় ঘাম ঝরাবেন ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্টের আগে এটাই ভারতের প্রথম অনুশীলন। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে পয়েন্ট তালিকায় ভারতের স্থান এখন তৃতীয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-০ জিতলে একধাপ এগবেন গিলরা। উল্লেখ্য, এই টেস্টে সিরিজের পরই ডনের দেশে উড়ে যাবে দল। সেখানে তিন ম্যাচের ওডিআই সিরিজ ও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ