শেষের পথে বুমরাহ, হতাশার সুর শোনা গেল সম্বরণের গলায়
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সৌরাংশু দেবনাথ, কলকাতা: বোর্ডে ৭০০ রান তুলেও জয় অধরা। দ্বিতীয় ইনিংসে ১২০ ওভার বল করেও নিউজিল্যান্ডের ৫টার বেশি উইকেট ফেলতে না পারা। তা-ও পয়লা স্ট্রাইক বোলার যশপ্রীত বুমরাহর উপস্থিতিতে। ওয়েলিংটন টেস্টে জিততে না পারার আপশোস যাচ্ছে না কিছুতেই। বিশেষ করে মঙ্গলবার তো সেভাবে ঝাঁপাতেই দেখা গেল না বুমরাহকে। ৪ স্পেলে ভাগ করে বল করলেন মাত্র ১১ ওভার। গতিও কমে এল ঘণ্টায় ১২০ কিমিতে। কিছু বল তো রীতিমতো গড়িয়ে গেল কিপারের কাছে। তাহলে কি বুমবুম ম্যাজিকে ক্রমশ ভাটার টান? প্রশ্ন উঠছে। বাংলার রনজি ট্রফিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের গলায় হতাশা, ‘চার-পাঁচ বছর আগের বুমরাহকে আর পাওয়া যাবে না। চোট আঘাতের জন্যই ওর অবস্থা এমন। দু’নিংসে ৫ উইকেট নিয়ে বুমরাহ টেস্ট জেতাবে এমন আশা না করাই ভালো। ওকে সময় দিতে হবে।’ অর্থাৎ, টেস্টে বুমরাহ কার্যত শেষের পথে।

Advertisement

নেটদুনিয়ায় অনেকেই বুমরাহকে এক ইনিংসের বোলার হিসাবে চিহ্নিত করেছেন। বেসিন রিজার্ভে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ একটি উইকেট। এমনিতে বুমরাহর টেস্ট কেরিয়ারে কোনো ম্যাচে দশ উইকেট নেই। পাঁচবার তিনি ৯ উইকেট পকেটে পুরেছেন। এরমধ্যে শেষটি দু’বছর আগের ব্রিসবেনে। চর্চা চলছে, তাহলে কি টেস্ট ক্রিকেটের ধকল সামলানো কঠিন হয়ে পড়ছে ডিসেম্বরে ৩৩ পূর্ণ করতে চলার পক্ষে?
দ্বিতীয় ইনিংসে বুমরাহ নিষ্প্রভ থাকায় আরও বেশি করে ধরা পড়েছে ভারতীয় বোলিংয়ের ভেদশক্তির অভাব। সম্বরণের মতে, ‘মহম্মদ সিরাজকে অবশ্যই দরকার ছিল। প্রসিদ্ধ কৃষ্ণ সবে চোট সারিয়ে ফিরেছে। ওকে দুম করে টেস্টে নামানো ঠিক হয়নি। আর ওয়াশিংটন সুন্দরকে দেখে কোনোভাবেই টেস্টে উইকেট নেবে বলে মনে হচ্ছে না। বৈচিত্র্য নেই একেবারেই। সারাক্ষণ একই বল করে গেল। কুলদীপ যাদবের অভাব বড্ড অনুভূত হয়েছে ওয়েলিংটনে। ব্যাটসম্যানকে বোকা বানিয়ে আউট করার ক্ষমতা রয়েছে ওর। কুলদীপকে কেন স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হল বুঝলাম না।’
বাইশ গজ নিয়েও রহস্য বাড়ছে। কিউয়ি কন্ডিশনে বল সিম-স্যুইং হচ্ছে না, স্লিপ রাখা যাচ্ছে না ওভারের পর ওভার— একসময় কল্পনারও অতীত ছিল। সম্বরণ তাই দ্বিতীয় টেস্টের আগে যথাযথ হোমওয়ার্কে জোর দিচ্ছেন। তাঁর কথায়, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখন দুরাশা। কিন্তু নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জেতা সম্ভব। তারজন্য কন্ডিশন ঠিকভাবে যাচাই করে দল গড়া জরুরি।’ উদ্বেগের হল, গিল-গম্ভীর জুটি বেসিন রিজার্ভে ঠিক সেখানেই ফেল করেছে!