নয়াদিল্লি: সম্পূর্ণ ফিট হয়ে টিম ইন্ডিয়ার নেটে ফিরলেন যশপ্রীত বুমরাহ। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু রবিবার। তার প্রস্তুতিতে শুক্রবার নেটে মেজাজে দেখা গেল ‘বুমবুম’কে। বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশীকে বারবার সমস্যায় ফেললেন তিনি। বুমরাহ যেন বুঝিয়ে দিলেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে রান করা মোটেই সহজ নয়। বৈভবকে অবশ্য ফিল্ডিংয়েও নড়বড়ে দেখাল। হাত থেকে গলল তিনটি ক্যাচ। বুমরাহকে যদিও আগাগোড়া চনমনে লাগল। অধিনায়ক শ্রেয়স আয়ারকেও গতিতে পরাস্ত করলেন তিনি। মুখে চেনা হাসি, চোট সারিয়ে ফেরার পর প্রতিটি মুহূর্ত যেন উপভোগ করছেন বুমরাহ। তবে ঈশান কিষানের চোট কিছুটা হলেও ছন্দ কাটল শিবিরের। নবদীপ সাইনির শর্টপিচ ডেলিভারি এসে লাগে তাঁর পিঠে। যন্ত্রণাকাতর ঈশান বেরিয়ে আসেন নেট থেকে। তিনি আর ব্যাট করেননি। রবিবার তিনি খেলবেন কিনা, তা নিয়ে সেজন্য তৈরি হয়েছে সংশয়।



