বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: হিমালয়ের কোলে অমরনাথের যাত্রাপথ প্রশস্ত করতে ভারী যন্ত্রপাতির ব্যবহার। শেষনাগ হ্রদের পাশে বুলডোজার দিয়ে সরানো হচ্ছে মাটি ও পাথর। এমনই ছবি সামনে আসতেই তীব্র বিতর্ক দানা বেধেছে। সরব পরিবেশকর্মীরা। হ্রদ ও সংলগ্ন এলাকার বাস্তুতন্ত্র বিপন্ন হবে বলে তাঁদের আশঙ্কা। বিরোধীরা এই ঘটনাকে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’ বলে দাবি করেছে। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, ‘হিন্দু এবং কাশ্মীরের মুসলিমদের ভাবাবেগ নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্রীয় সরকার। বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হবে।’ মঙ্গলবারই শেষনাগের উদ্দেশে রওনা দিলেও নিরাপত্তার কারণে মাঝপথে বাধা দেওয়া হয় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে। বিতর্কের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক বিবৃতিতে সড়ক নির্মাণকারী সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম ও পরিবেশ সংক্রান্ত সুরক্ষাবিধি মেনে জনস্বার্থে এই কাজ হচ্ছে। আরও বলা হয়েছে, ‘অমরনাথ যাত্রার জন্য প্রশস্ত রাস্তা তৈরির প্রয়োজন হয়ে পড়েছে। যানজট কমাতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই পদক্ষেপ।’
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সমুদ্র পৃষ্ঠ থেকে ৩ হাজার ৫৯০ মিটার উচ্চতায় রয়েছে শেষনাগ হ্রদ। জম্মু-কাশ্মীরের ১৪টি উচ্চ ঝুঁকি সম্পন্ন হিমবাহ হ্রদের (গ্লফ) মধ্যে রয়েছে শেষনাগ। এই হ্রদ ঘিরে হিন্দু ধর্মে রয়েছে নানা গাথা। দেবী পার্বতীকে অমরত্বের রহস্য (অমর কথা) শোনানোর জন্য মহাদেব যখন অমরনাথ গুহার দিকে যাচ্ছিলেন, তখন তিনি চেয়েছিলেন এই গোপন কথা যেন অন্য কোনো প্রাণী না শোনে। তাই তিনি তাঁর গলার সাপগুলোকে এই হ্রদে রেখে যান। অন্য একটি মতে, সর্পরাজ ‘শেষনাগ’ নিজেই এই হ্রদটি খনন করেছিলেন। আজও এই হ্রদের গভীরে তাঁর বসবাস। তাঁর নামানুসারেই হ্রদটির নাম হয়েছে শেষনাগ। পহেলগাঁও থেকে অমরনাথ গুহায় যাত্রাপথে শেষনাগ হ্রদ একটি প্রধান বিশ্রামস্থল। তীর্থযাত্রীরা এখানে রাত কাটিয়ে হ্রদের জলে স্নান করে পরবর্তী দুর্গম যাত্রার জন্য প্রস্তুত হন।
এহেন পবিত্র হ্রদের পাশে রাস্তা তৈরির জন্য ভারি যন্ত্রপাতি ব্যবহারের বিরোধিতায় সরব পরিবেশকর্মী থেকে রাজনীতিকরা। অবিলম্বে কাজ বন্ধ করার দাবি করেছেন তাঁরা। সিপিএম নেতা মহম্মদ তারিগামি এক্স হ্যান্ডলে লেখেন, ‘অমরনাথের যাত্রাপথে রাস্তা নির্মাণের এই ছবি বিরক্তিকর। শেষনাগকে ঘিরে রয়েছে আলগা পাথর। খাড়া ঢালে অবস্থিত হওয়ায় বিপর্যয়ের আশঙ্কা বেশি।’ হুরিয়ত চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক বলেন, ‘অমরনাথের তীর্থযাত্রীদের সর্বদা স্বাগত জানিয়েছে কাশ্মীর। পরিকাঠামোর বিষয়টি কোনোদিন বড় হয়ে ওঠেনি।’



