Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাষ্ট্রের টাকায় মন্দির নির্মাণ অসাংবিধানিক, সরব অশোক

মহাকাল মহাতীর্থের শিলান্যাস নিয়ে ফের সরব প্রাক্তন মন্ত্রী সিপিএম নেতা অশোক ভট্টাচার্য।

রাষ্ট্রের টাকায় মন্দির নির্মাণ অসাংবিধানিক, সরব অশোক
  • ১৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মহাকাল মহাতীর্থের শিলান্যাস নিয়ে ফের সরব প্রাক্তন মন্ত্রী সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। রবিবার তিনি বলেন, অনৈতিক ও অসংবিধানিকভাবে রাষ্ট্রীয় তহবিলে তৈরি হচ্ছে ওই মন্দির। এজন্য প্রাক্তন মন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। একাই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকাল মহাতীর্থ প্রকল্প ও সর্বধর্ম সমন্বরের বার্তা নিয়ে প্রচারে ঝাঁপিয়েছে জোড়াফুল শিবির। তারা এদিন মহকুমার সর্বত্র এ ব্যাপারে প্রচার চালান। সমগ্র পরিস্থিতি নিয়ে স্থানীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement

শনিবার শিলিগুজি শহরের কাছে মাটিগাড়া ব্লকের চামটা নদীর পাড়ে বিশ্বের সর্ববিহৎ মহাকাল মন্দিরের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে অনেকদিন ধরেই সরব প্রাক্তন মন্ত্রী অশোক। এরআগে তিনি বলেছিলেন, শিল্পের জন্য চিহ্নিত জমিতে মন্দির করে সরকারি টাকা ধ্বংস করতে চাইছে রাজ্য সরকার। এদিন তিনি বলেন, দেশের সংবিধানে কোনও নির্দিষ্ট ধর্মের কথা উল্লেখ নেই। সব ধর্মের মানুষের এই দেশে সমানাধিকার নিয়ে বাঁচার অধিকার রয়েছে। সংবিধানের ২৭ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারের টাকা কোনওভাবেই ধর্মীয় স্থান গড়া যাবে না। কিন্তু মুখ্যমন্ত্রী সব নিয়ম ভেঙে ওই মন্দির গড়তে কোটি কোটি টাকা দেবেন। যা একেবারেই অনুচিত।

প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতার বক্তব্যে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তারা মুখ্যমন্ত্রীর ছবি সহ মহাকাল মহাতীর্থের ছবি শহর ও গ্রামের সর্বত্র টাঙিয়ে রেখেছে। এদিন সেই মন্দিরের শিলান্যাসের ভিডিও ফুটেজ ও মুখ্যমন্ত্রীর ভাষণের রেকর্ডিং নিয়ে শহর ও গ্রামে প্রচার চালানো হয়। তৃণমূলের দার্জিলিং জেলা চেয়ারম্যান (সমতল) সঞ্জয় টিবরেওয়াল বলেন, প্রবীণ ওই সিপিএম নেতার বক্তব্য নিয়ে কিছু বলব না। তবে প্রস্তাবিত মহাকাল মন্দির নিয়ে শিলিগুড়ি শহর, নকশালবাড়ি, মাটিগাড়ায় ব্যাপক সাড়া মিলছে। তৃণমূল নেতা বেদব্রত দত্ত বলেন, দীর্ঘ ৩৪ বছর ক্ষমতায় থেকেও পর্যটন শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের কথা ভাবতেই পারেনি সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ধর্মীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজে হাত দেওয়ায় অশোকবাবুদের গাত্রদহ হচ্ছে।

শুধু তৃণমূল নয়, এদিন বিজেপিকেও আক্রমণ করেন প্রাক্তন মন্ত্রী অশোক। তিনি বলেন, বিজেপি দেশকে হিন্দুরাষ্ট্র করার চেষ্টা করছে। তাদের কট্টর হিন্দুত্ব নীতি রয়েছে। আর সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু ভোটকে নিজেদের দিকে টেনে নিতে মহাকাল মহাতীর্থ গড়ার ঘোষণা করেছেন। এদিকে, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক বিজেপির আনন্দময় বর্মন বলেন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। অপপ্রচার চলছে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ