সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট পুরসভায় অস্থায়ী সাফাই কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা চালু হয়েছে নভেম্বর মাস থেকে। সেই ব্যবস্থায় প্রথম মাসে বেতন দিতে গিয়ে ভূতুড়ে সাফাইকর্মীর সন্ধান মেলার সঙ্গে বহু কর্মীর বেতনের সমস্যা হয়েছে। এবার সময়ে বেতন না পেয়ে বালুরঘাট পুরসভায় গিয়ে চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন শতাধিক সাফাইকর্মী। শুধু তাই নয়, চেয়ারম্যান কথা না বলায় মঙ্গলবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন সাফাইকর্মীরা।
Advertisement
কর্মীদের অভিযোগ, মাসে ২৬ দিন কাজ করলেও সকলে সম্পূর্ণ টাকা পাননি। দ্রুত ওই বেতন না পেলে কাজ বন্ধ করে দেবেন। এবিষয়ে পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন, নভেম্বর মাসে বায়োমেট্রিক চালু হয়েছে। অনেকেই তাতে হাজিরা দেননি। কিছুক্ষেত্রে বেতন দিতে গিয়ে সমস্যা হয়েছে। সংখ্যাটা অনেক কম। আগামী মাসে বেতনের সঙ্গে প্রাপ্য দিয়ে দেওয়া হবে। নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি বিজয় বাসফোর বলেন, বহু কর্মী কাজ করেও বেতন পাচ্ছেন না। এছাড়া পুরো মাস কাজ করে অর্ধেক বা কম বেতন পেয়েছেন। সেটা পুরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বলতে গিয়েছিলাম। কিন্তু তিনি কথা বলতে চাননি। তাই মঙ্গলবার থেকে কর্মবিরতিতে যাচ্ছি। কর্মীদের ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে। পুরসভা সূত্রে খবর, বালুরঘাট পুরসভার অধীনে প্রায় ৮০০ সাফাইকর্মী রয়েছেন। পুরসভার হিসেব অনুযায়ী ওই কর্মীদের প্রায় ৮০ জন নভেম্বর মাসে বায়োমেট্রিকে হাজিরা দেননি। সেটা নিয়েও কম বিতর্ক হয়নি। এতদিন ভুয়ো কর্মীদের বেতন দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছে বিরোধীরা।



