সংবাদদাতা, বিষ্ণুপুর: আর্থিক লেনদেন নিয়ে বচসার জেরে বিষ্ণুপুরে একটি টায়ারের দোকানে চড়াও হয়ে মালিককে মারধরের অভিযোগে পুলিস দুই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম সন্তোষ মহন্ত ওরফে কালু এবং লক্ষ্মীকান্ত দে। প্রথমজনের বাড়ি বিষ্ণুপুর শহরের স্টেশন রোড এলাকায়। দ্বিতীয় জনের বাড়ি বিষ্ণুপুর থানার অন্তর্গত বসন্তপুর গ্রামে। পুলিস জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে শহরের এক টায়ার দোকানে ঢুকে মালিককে মারধরের অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে রবিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে ধৃতদের তোলা হলে তাদের জামিন দেওয়া হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে,বিষ্ণুপুর শহরের একটি টায়ার দোকানে লক্ষ্মীকান্ত কয়েক বছর আগে টায়ার কেনার পর পরবর্তীতে তা ফেরত দেয়। দোকানে কয়েক হাজার টাকা জমা থেকে যায়। পাঁচ বছর বাদে সেই টাকা চাইতে এলে তা নিয়ে প্রথমে বচসা হয়। পরে দলবল এনে দোকানে হামলা এবং দোকানের মালিককে মারধর করা হয় বলে অভিযোগ। দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিস লক্ষ্মীকান্ত ও সন্তোষকে গ্রেপ্তার করে।
Advertisement
টায়ারের দোকানের মালিক সৌমেন দে বলেন, লক্ষ্মীকান্ত দে নামে এক যুবক আমাদের দোকানে এসে ২০২০ সালে দেওয়া একটি রশিদ আনে। তাতে সে ৪ হাজার টাকা পাবে বলে দাবি করে। আমি রশিদ প্রাথমিকভাবে পরীক্ষা করে জানতে পারি ওই রশিদ আমাদেরই দোকানের। তবে লেজার বই মিলিয়ে দেখার জন্য ওকে কয়েকটা দিন সময় চেয়েছিলাম। কিন্তু সে হঠাৎ করে দলবল এনে মদ্যপ অবস্থায় দোকানে এসে গালিগালাজ করে। আমাকে মারধর করে। এমনকি দোকান থেকে দু’টি টায়ার নিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিসের কাছে অভিযোগ জানানো হয়।



