সংবাদদাতা, তপন: তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া গ্রামে তিনমাস ধরে পানীয় জলের সংকট চলছে। এলাকার বেশিরভাগ নলকূপ বিকল হয়ে পড়ায় গ্রামবাসীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁদের অভিযোগ, গ্রামের বেশিরভাগ নলকূপ দীর্ঘদিন ধরে অকেজো থাকলেও প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে ৫০০ মিটার দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে। অনেকে টিনের ভার বানিয়ে কাঁধে করে জল বহন করছেন, আবার কেউ সাইকেলে করে বিভিন্ন ড্রামে জল ভরে দূর-দূরান্ত থেকে আনছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন গ্রামের মহিলা এবং বয়স্করা। কিছু নলকূপের জল আবার ব্যবহারের অনুপযোগী। কিছুক্ষণ রাখার পর পরই ঘোলা হয়ে যায়।
Advertisement
স্থানীয় বাসিন্দা উপেন দাস বলেন, বাড়ির পাশের নলকূপ দীর্ঘ দিন ধরে নষ্ট থাকায় অনেক দূর থেকে জল আনতে হচ্ছে। প্রশাসন দ্রুত নলকূপগুলি মেরামত করুক। একই বক্তব্য স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন হাজরার। বলেছেন, সাইকেলে করে ড্রাম নিয়ে যেতে হচ্ছে জল আনতে। প্রায় ৫০০ মিটার দূর থেকে জল এনে খেতে হচ্ছে আমাদের। এবিষয়ে আজমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায় বলেন, নলকূপ সারানোর জন্য যে মিস্ত্রিকে রাখা হয়েছে, তার বাড়িতে অনুষ্ঠান থাকায় তিনি কিছুদিন ধরে সেই কাজে ব্যস্ত আছেন। তবে অল্প কিছুদিনের মধ্যেই বিকল নলকূপগুলি সারানো হবে। প্রধানের সংযোজন, পশ্চিম বাসুরিয়ায় একটি সাবমার্সিবলের টেন্ডার হয়ে গিয়েছে। এটি চালু হলে রিজার্ভারে জল সংরক্ষণ করে গ্রামবাসীদের সাপ্লাই দেওয়া হবে। কিছুদিনের মধ্যে এই কাজও শুরু হবে। জল বয়ে নিয়ে যাচ্ছেন এক বাসিন্দা।-নিজস্ব চিত্র



