Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে আউশগ্রামের ৩ যুবকের মৃত্যু

বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে আউশগ্রামের ৩ যুবকের মৃত্যু
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: মঙ্গলবার দুপুরে ইলামবাজার থানার গোপালনগরে বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হল। মৃতদের নাম বিরাজ মাল(২৫), বাবুসোনা মাল(২১)। মৃত আর একজনের নাম জানা যায়নি। বিরাজের বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার করডিহা গ্রামে। বাবুসোনার বাড়ি আউশগ্রামের উত্তর রামনগর গ্রামে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইলামবাজার থানার পুলিস। তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
Advertisement
বোলপুর মহকুমা হাসপাতালে বিরাজের ভাইয়ের ছেলে হয়েছে। তাদের সঙ্গে দেখা করতে একটি বাইকে করে আসছিলেন বিরাজ সহ তিনজন। ইলামবাজার থেকে বোলপুর আসার রাস্তায় গোপালনগরে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে ছিটকে পড়েন তিন বাইক আরোহী। খবর পেয়ে ইলামবাজার থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তবে সঠিক পরিচয়পত্র না থাকায় এদিন তাঁদের দেহ ময়নাতদন্ত করা হয়নি। জানা গিয়েছে, আজ বুধবার ময়নাতদন্ত হবে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাস অত্যন্ত বেপরোয়া গতিতে যাচ্ছিল। সেই বাসের সঙ্গেই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। যার ফলে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন বোলপুরে আসেন।
মৃত বিরাজের ভাই সিরাজ মাল বলেন, আমার স্ত্রী ও ছেলেকে দেখতে হাসপাতালে আসছিল দাদা সহ তিনজন। তবে ইলামবাজার হয়ে তারা কোথায় গিয়েছিল তা জানি না। পরে দুর্ঘটনার খবর পাই। আমার দাদা ও মামাতো দাদা বাবুসোনা মালের মৃত্যু হয়েছে। ওদের সঙ্গে আরও একজন মারা গিয়েছেন।
সম্পর্কিত সংবাদ