সংবাদদাতা, শীতলকুচি: কোচবিহার জেলার শীতলকুচি সীমান্ত দিয়ে ফের বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাল বিএসএফ। শনিবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শীতলকুচির রাজারবাড়ি সীমান্তে। বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তিনজন। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তিলকবর্ডার আউট পোস্টের ২৪নম্বর গেটের দিকে আসছিল তিন বাংলাদেশি। তাদের মধ্যে দুই মহিলা ও এক পুরুষ ছিল। সেই সময় নো-ম্যানসল্যান্ডে তাদের আটকে দেন বিএসএফ’র ১৫৭নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় তাদের বাংলাদেশের দিকে পাঠিয়ে দেওয়া হয়। বিজিবিও তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। পরে তারা নো-ম্যানসল্যান্ডেই আটকে থাকেন। গত বৃহস্পতিবার শীতলকুচি ব্লকের গাদোপোঁতা, কয়েকদিন আগে মহিষমুড়ি ও শালবাড়ি সীমান্তেও একই ঘটনা ঘটে। কয়েকমাস আগে এই গ্রাম থেকেই উকিল বর্মন নামে এক চাষিকে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। ফের এধরনের ঘটনাকে ঘিরে সীমান্তের গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সম্ভাবনা থাকায় এদিন কাঁটাতারের গেট বন্ধ ছিল। একারণে কাঁটাতার পেরিয়ে কৃষিজমিতে যেতে পারেননি বাসিন্দারা।



