Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বসছে সার্ভার, পড়ুয়াদের হাতের নাগালে থাকবে সব তথ্য

বসছে সার্ভার, পড়ুয়াদের হাতের নাগালে থাকবে সব তথ্য
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: পড়াশোনার ক্ষেত্রে গতি আনতে নতুন সার্ভার চালু করতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যাতে সহজেই অনলাইনে পড়াশোনা করতে পারেন, সেজন্য এই  ফিজিক্যাল সার্ভার চালু করা হচ্ছে। এর ফলে লাইব্রেরিতে বইয়ের পাশাপাশি পড়াশোনার জন্য জার্নাল, ই-সোর্সেস তাঁরা খুব সহজেই পেয়ে যাবেন। এই সার্ভারে প্রত্যেক বিভাগের রিসার্চ থেকে শুরু করে জার্নাল আপলোড করে রাখা যাবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানা গিয়েছে।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের সিস্টেম অ্যান্ড সাপোর্ট অফিসার শুভ্রদীপ মৈত্র বলেন, উচ্চশিক্ষা দপ্তরের সহায়তায় ১৯ লক্ষ ৭০ হাজার টাকা খরচে আমরা এই সার্ভারটি কিনেছি। এতদিন যে সার্ভারটি দিয়ে কাজ চালানো হচ্ছিল, তার ক্ষমতা বেশি ছিল না। নতুন এই সার্ভারটি উচ্চ ক্ষমতা সম্পন্ন। সেখানে আমরা বিশ্ববিদ্যালয়ের দেড় থেকে দু’লক্ষ জার্নাল আপলোড করতে পারব। দীর্ঘদিন ধরেই এটা আমাদের দাবি ছিল। সেই আবেদনে সাড়া দিয়ে সরকার আমাদের সার্ভারটি কিনতে সাহায্য করেছে।
শুধু পড়ুয়ারাই নয়, যাঁরা গবেষণা করছেন এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও অনেক উপকৃত হবেন। আপাতত সার্ভার ডেলিভারি হয়েছে। চলতি সপ্তাহে চালু করে লাইব্রেরির কম্পিউটারগুলিতে কানেকশন দেওয়া হবে।
এতদিন উন্নত প্রযুক্তির সার্ভার না থাকার দরুণ বেশকিছু সমস্যা তৈরি হয়েছিল। তবে নতুন সার্ভার আসায় সেই সমস্যা মিটবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান অজয় মিশ্র। তিনি বলেন, লাইব্রেরির ডেটাবেস বন্ধ ছিল সার্ভারের অভাবে। অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগও বন্ধ রাখতে হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্ট দেখা যাচ্ছিল না। এবার সেই সব সমস্যার সমাধান হবে। এছাড়া ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হবে। যে তথ্যগুলির কপিরাইট নেই, সেগুলি আপলোড করা থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তথ্য ও যেগুলো কেনা রয়েছে, সেসবও সার্ভার থেকে দেখা যাবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অনেকটাই সুবিধা হবে।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে গবেষণার কাজ করছেন সুরজ পোদ্দার। তাঁর কথায়, এতদিন লাইব্রেরিতে সবকিছুই সীমিত ছিল। কয়েকটি বইয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম। এখন আমাদের পড়াশোনার অনেক সুবিধা হবে। স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা আরও বেশি সাহায্য পাবেন নতুন সার্ভার আসার ফলে।
কীভাবে পড়ুয়ারা ব্যবহার করবেন এই সার্ভার? আপাতত বিশ্ববিদ্যালয়ে এসে ফিজিক্যালি এই সার্ভারকে ব্যবহার করতে হবে। যাঁদের লাইব্রেরির মেম্বারশিপ রয়েছে, আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সার্ভার ব্যবহারের জন্য। বিভিন্ন বিভাগকেও দেওয়া হবে সার্ভারের কানেকশন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কেউ এই সার্ভার ব্যবহার করতে চাইলে সে বিষয়ে ভাবনাচিন্তা করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।
উপাচার্য দীপক কুমার রায় বলেন, সরকারি সাহায্যে বিনামূল্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সার্ভার ব্যবহার করা যাবে। যা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকবে। ছাত্র-ছাত্রীরাই বেশি উপকৃত হবেন।
সম্পর্কিত সংবাদ