নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অস্কার ব্রুজোঁ কা গুসসা কিঁউ আতা হ্যায়? লাল-হলুদের প্রাক্তন কোচকে নিয়েই শুক্রবার সরগরম ময়দান। এদিন এক্স হ্যান্ডল পোস্টে নাম না করেই ইস্ট বেঙ্গলের এক কর্তার বিরুদ্ধে তোপ দাগেন ব্রুজোঁ। সেই কর্তাকে ‘মাস্টার’ বলে সম্বোধন করেছেন স্প্যানিশ কোচ। ব্রুজোঁর বক্তব্য, ‘আইএসএলে শেষ ম্যাচের আগে মাস্টার কয়েকজনকে বলেছিলেন, রেফারি তাঁদের সঙ্গেই থাকবেন। শেষ পর্যন্ত অবশ্য স্বাধীনভাবেই ম্যাচ খেলান রেফারি। কিন্তু এমন মন্তব্যে দলে সমস্যা তৈরি হতেই পারত।’ এখানেই শেষ নয়, ব্রুজোঁর দাবি, মাস্টার তাঁর কাজে নানাভাবে ব্যাঘাত ঘটাতেন। দলের পাশে থাকার বদলে প্রভাব বজায় রাখাই ছিল উদ্দেশ্য। পড়শি মোহন বাগানের কথাও টেনে আনেন তিনি। লিখেছেন, ‘পাশের মাঠেই অনুশীলন করত মোহন বাগান। তাদের কিন্তু এই ধরনের কোনো সমস্যা সামলাতে হয়নি।’ ব্রুজোঁর মন্তব্য ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক শুরু হয় ময়দানে। বিকেলে ইস্ট বেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘অস্কার ব্রুজোঁ জিন্দাবাদ। তাঁর কোচিংয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে দল। উনি হৃদয়ে থাকবেন। তবে এই মুহূর্তে আমাদের কাছে তিনি অতীত।’



