নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার ডুরান্ড কাপের শেষ আটে মুখোমুখি মোহন বাগান-ইস্ট বেঙ্গল। মেগা ম্যাচের প্রস্তুতি বুধবার শুরু করে দিল অস্কার ব্রুজোঁ-ব্রিগেড। এদিন বিকেলে রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে ক্লোজড ডোর অনুশীলনে লাল-হলুদ কোচ অস্কার নিংড়ে নিলেন ফুটবলারদের। গ্রুপ লিগে অল উইন রেকর্ড নিয়ে নক-আউটে পা রেখেছে মশাল বাহিনী। এই পর্বে বিপক্ষের জালে তারা বল জড়িয়েছে ১২ বার। গোল হজম করেছে মাত্র একটি। তবে সাম্প্রতিক অতীত নিয়ে মাথা ঘামাতে নারাজ লাল-হলুদ কোচ অস্কার। অনুশীলন শেষে তাঁর মন্তব্য, ‘বড় ম্যাচ মানে সবাই খুশি। আমরাও খুশি। সুযোগ এসেছে সমর্থকদের আনন্দ দেওয়ার। সেটা কাজে লাগাতে হবে।’ খুব তাড়াতাড়ি কি দেখা হয়ে গেল মোহন বাগানের সঙ্গে? প্রশ্নের উত্তরে স্প্যানিশ কোচের সাফ মন্তব্য, ‘এই বিষয় নিয়ে কোনও কথা বলা আমার উচিত নয়।’
এদিন অনুশীলন শুরু আগে মাঠেই ম্যাচ বোর্ড সামনে রেখে প্রায় ১৫ মিনিট বৈঠক সারলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। এরপর দৌড়, স্ট্রেচিং সেরে প্রায় দেড় ঘণ্টা ম্যাচ সিচুয়েশন প্রাকটিস করান তিনি। এই পর্বে একাধিক ফর্মেশনে প্রস্তুতি সেরে রাখলেন লাল-হলুদ স্প্যানিশ কোচ। ৪-৪-২ এর চেনা ছক ছাড়াও এদিন ৩-৫-২ এর ফর্মুলাও ঝালালেন তিনি। আসলে মোহন বাগানে রয়েছেন একাধিক ম্যাচ উইনার। ফুল ফিট না হলেও গোল পেয়েছেন ম্যাকলারেন ও কামিংস। প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ছন্দে লিস্টন। তাছাড়া মনবীরের অনুপস্থিতি জায়গা বদল করে ঢেকে দিচ্ছেন সাহাল। তাই রক্ষণ অটুট রাখাই অস্কারের প্রধান লক্ষ্য। বুধবার দীর্ঘক্ষণ ডিফেন্ডারদের সামনে এক ব্লকার রেখে প্র্যাকটিস করালেন তিনি। এই ভূমিকায় জিকসন সিং এবং লালচুংনুঙ্গাকে পরখ করে নেন। প্রয়োজনে রশিদও ডিফেন্ডারদের সহযোগিতা করবেন। অর্থাৎ, মোহন বাগানের সাপ্লাই লাইন কাটতে চাইছেন তিনি। অন্যদিকে, আক্রমণ শানাতে তাঁর সেরা অস্ত্র মিগুয়েল। ব্রাজিলিয়ান মিডিও বক্স-টু বক্স খেলতে পছন্দ করেন। তিনি ফর্মে থাকলে অনেকটাই চাপ কমবে লাল-হলুদ কোচের। ডার্বির আগে হাতে আরও তিনটি প্র্যাকটিস সেশন পাবেন ব্রুজোঁ। এর মধ্যেই দলকে তৈরি করে ফেলতে মরিয়া তিনি।