নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটবল গুরু তিনি। কোচ হিসেবে সাফল্যের ঝুলি পূর্ণ। খারাপ সময়ে সতীর্থের পাশে দাঁড়াতে জানেন সুব্রত ভট্টাচার্য। বিতর্কিত সন্দীপ নন্দী ইস্যুতে বাবলুর ভোট বঙ্গসন্তানের দিকে। কড়া মন্তব্য, ‘কে অস্কার! ক’টা ট্রফি জিতেছে? দুঃখিত, অস্কার ব্রুজোঁকে পাশমার্ক দিতে পারছি না।’ মুঠোফোনে অস্কারের নাম শুনে প্রায় তেলেবেগুনে জ্বলে উঠলেন সুব্রত ভট্টাচার্য। চিফ কোচের সঙ্গে ঝামেলার পর ইস্ট বেঙ্গলের গোলকিপার কোচের দায়িত্ব ছেড়েছেন সন্দীপ নন্দী। সুব্রত বললেন, ‘প্রকাশ্যে সমালোচনা করা উচিত হয়নি অস্কারের। সন্দীপ প্রাক্তন ফুটবলার। ওর মাইনে করা কর্মচারী নয়। মনে হচ্ছে, অস্কারের টার্গেট এবার বাঙালি ফুটবলাররা। এরপর শৌভিক বা দেবজিতকে ছাঁটা হবে না তো?’ বিদেশি কোচেদের বাড়তি গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন ভারতীয় ডিফেন্ডার। বরাবরই ঠোঁটকাটা সুব্রত। এদিন বললেন, ‘গড়পড়তা বিদেশি কোচ দিয়ে কোনও উন্নতি হবে না। বড় ম্যাচ দেখেছি। ওটা খেলা হল? কোচিংয়ে থাকলে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল।’ ক্রমশ ঝাঁঝ বাড়ছিল তাঁর। একটু থেমে সংযোজন, ‘সাফল্য না পেলে টিকে থাকা মুশকিল। ভারতীয় কোচেরা এত সুযোগ পান না। শুনেছি অস্কার কোচিং করিয়েছেন বাংলাদেশে। সেদেশের তো ইলিশ বিখ্যাত। কোচ নয়।’



