Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ষায় ভেঙে পড়া রাঙামাটি ব্রিজ তৈরির দাবি বাসিন্দাদের

বর্ষায় ভেঙে পড়া রাঙামাটি ব্রিজ তৈরির দাবি বাসিন্দাদের
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: পুরুলিয়া জেলার মনিহারা গ্রামের মানুষদের যে কোনও কাজে বাঁকুড়ায় যাওয়াই সুবিধেজনক। আর তার জন্য রাঙামাটি ঘাট ব্রিজটি গুরুত্বপূর্ণ। কিন্তু ব্রিজটির উচ্চতা অত্যন্ত কম হওয়ার জন্য প্রতিবছর বর্ষা এলেই ভেঙে যায়। যার ফলে গ্রামের সঙ্গে বাঁকুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন ১০ কিমির পথ যেতে ৩০ কিমি ঘুরতে হয়। অন্যান্য বছর ব্রিজের অবস্থা ভালো থাকলেও এবছর জলের তোড়ে ব্রিজটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। গ্রামের মানুষেরা পাথর, ইটভাঙা দিয়ে কোনও রকমে ব্রিজটি চলাচলের যোগ্য করে তুলেছে। ভেঙে পড়ার ভয়ে ব্রিজের উপরের দিকে বড় যানবাহন যাচ্ছে না। গ্রামের বাসিন্দারা রাঙামাটি ঘাটের কাছে উঁচু, দীর্ঘস্থায়ী ও নতুন ব্রিজ তৈরির দাবি জানিয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশীপুর ব্লকের পূর্ব সীমান্তের বাঁকুড়া জেলা ঘেঁষা মনিহারা পুরুলিয়ার শেষ গ্রাম পঞ্চায়েত। গ্রামের শেষ প্রান্তে একটি নদী বয়ে চলেছে। বাঁকুড়া জেলার সঙ্গে যোগাযোগের জন্য বাম আমলে রাঙামাটি ঘাটের কাছে নদীর উপর ব্রিজ তৈরি হয়েছিল। বর্তমানে সেই ব্রিজটি দিয়ে মনিহারা থেকে বাঁকুড়া পর্যন্ত একটি বেসরকারি বাস সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। তবে ব্রিজটি ভেঙে পড়ায় যোগাযোগে অসুবিধা দেখা দিয়েছে। গ্রামবাসীদের তরফ থেকে অশোক বাউরি, কার্তিক বাউরি, সিমাই মান্ডি বলেন, দু’ বার রাঙামাটি ঘাট ব্রিজটি তৈরি করা হয়েছিল। কিন্তু বর্ষা এলেই ব্রিজটি ভেঙে যায়। ভাসা ব্রিজ হওয়ায় বর্ষায় ব্রিজের উপর দিকে জল বয়ে যায়। বর্তমানে আমরা ব্যাপক অসুবিধায় পড়েছি। চলাচলের যোগ্য করে তোলার জন্য ব্রিজের উপর পাথর, ইট দিয়ে কোনওরকমে রাস্তা তৈরি করা হয়েছে। আমাদের দাবি, নতুন করে ব্রিজটি তৈরি করা হোক। তাহলে আমাদের অসুবিধা দূর হবে।
সিপিএমের এরিয়া কমিটির সদস্য তথা মনিহারা গ্রামের বাসিন্দা অরুনোদয় বন্দ্যোপাধ্যায় বলেন, ব্রিজটির বিষয়ে পঞ্চায়েত থেকে ব্লকে একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। বাঁকুড়ায় যাওয়ার জন্য একটি বাস চলত। ব্রিজের বেহাল অবস্থার জন্য সেই বাসটি বন্ধ হওয়ার পথে।
মনিহারা গ্রাম পঞ্চায়েতে প্রধান টিঙ্কু কর্মকার বলেন, ব্রিজটির বিষয়ে বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন। পঞ্চায়েত থেকে একবার সংস্কার করা হয়েছিল। কিন্তু বর্ষায় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওটি সংস্কারের জন্য একটি বড় অঙ্কের অর্থের প্রয়োজন। তাই জেলার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ