৭০ লক্ষ আদায়ে দাদার বদলে অপহরণ ভাইকে!  নরেন্দ্রপুরে তোলপাড়, বোলপুর থেকে গ্রেপ্তার মহিলা সহ ৪
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নাটকীয় কায়দায় অপহরণ! তাও আবার দাদার বদলে ভাইকে! ঘটনা নরেন্দ্রপুরের। পুলিশ অবশ্য অপহৃতকে উদ্ধারের পাশাপাশি এই কাণ্ডে জড়িত অভিযোগে এক মহিলা সহ চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।  

Advertisement

খেয়াদহ অঞ্চলের বাসিন্দা প্রবীর দাস। পেশায় প্রোমোটার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর কাছে ৭০ লক্ষ টাকা পেতেন তিন অভিযুক্ত। পাওনা টাকা আদায়ের পরিকল্পনা নিয়ে বুধবার দুপুরে প্রবীরের বাড়ি যান তাঁরা। অভিযোগ, তাঁকে না পেয়ে তাঁর ভাই মিলন দাসকে তাঁরা অপহরণ করেন। তুলে নিয়ে যান বীরভূমের বোলপুরে। নরেন্দ্রপুর থানায় পরিবারের লোকজন অপহরণের অভিযোগ দায়ের করলে রাতভর অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে পুলিশ। বোলপুর থেকেই গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকে—শেখ মুজিবর, রূপম মিত্র ও  শুভেন্দু পাইন। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অনামিকা দত্ত ঘোষ নামে এক মহিলাকেও। 
অপহরণ-কাণ্ডে ধৃত মহিলার ভূমিকা কী? পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রোমোটার প্রবীর দাসের সঙ্গে মুজিবর, রূপম ও শুভেন্দুর ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত মধ্যস্থতা করিয়ে দিয়েছিলেন তিনি। অপহরণের ক্ষেত্রেও তিনি তথ্য দিয়ে সাহায্য করেছেন বলে জেনেছে পুলিশ। তদন্তকারীরা জেনেছেন, ওই তিনজনের থেকে নানা সময় জমিজায়গা কিনেছেন প্রবীর। কিন্তু পুরো টাকা মেটাননি। তা নিয়েই দু’পক্ষের বিবাদ চলছিল দীর্ঘদিন। বারবার তাগাদা দিয়েও টাকা পাচ্ছিলেন না তাঁরা। তাই শেষমেশ প্রবীরকে বোলপুরে তুলে নিয়ে গিয়ে টাকা আদায়ের পরিকল্পনা করেন। কিন্তু বুধবার যখন তাঁরা প্রবীরবাবুর বাড়ি যান, সেই সময় তিনি সেখানে ছিলেন না। তখন তাঁরা ব্যবসায়ীর ভাইকেই তুলে নিয়ে যান। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগে তাঁকে গাড়িতে উঠিয়ে উধাও হন তিন অভিযুক্ত। অভিযোগ পেয়েই সক্রিয় হয় পুলিশ। সূত্র মারফত তারা জানতে পারে, মুজিবর, রূপম ও শুভেন্দু বোলপুরে আছেন। সেখানকার কোন বাড়িতে তাঁরা মিলনবাবুকে নিয়ে গিয়ে রেখেছেন, তাও জানা যায়। ভোররাতে স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে সেখানে হানা দেয় নরেন্দ্রপুর থানার একটি দল। অপহৃতকে উদ্ধারের সময়ই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। দু’জনের বাড়ি বীরভূম জেলায়। একজনের নদীয়ায়। ধৃত মহিলার বাড়ি কলকাতার আনন্দপুর এলাকায়। বৃহস্পতিবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। ঠিক কী নিয়ে বিবাদ, কীভাবে দু’পক্ষের যোগাযোগ হয়েছিল, সত্যিই এত টাকা পাওনা ছিল কি না, কেনই বা অপহরণের সিদ্ধান্ত—উত্তর পেতে ধৃতদের জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ।