নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জমি নিয়ে বিবাদে দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ভাই। এবং গুরুতরভাবে জখম বউদি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার বেগুয়া এলাকায়। জখম দম্পতিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় দয়াল সিংহকে (৫৫)। গুরুতর জখম অবস্থায় মেডিক্যালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী সারথী সিংহ।
ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস বলেন, জমি নিয়ে পারিবারিক গন্ডগোল থেকেই এদিন চাঞ্চল্যকর ঘটনটি ঘটেছে ডালখোলা থানার অধীন বেগুয়া এলাকায়। একজনের মৃত্যু হয়েছে। একজন আহত। অভিযুক্তদের খোঁজ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিস ও পরিবার সূত্রে খবর, পেশায় রাজমিস্ত্রী দয়াল সিংহ ও তাঁর স্ত্রী সারথী সিংহ ছেলেমেয়েদের নিয়ে বেগুয়ায় পারিবারিক জমিতেই বাড়ি করে থাকেন। সেখানে পাশের জমিতে থাকেন দয়ালবাবুর বাবা ঝপতিয়া সিংহ ও তাঁর ভাই রাজকিশোর সিংহরা। মৃত দয়ালবাবুর মেয়ে পলি সিংহ এদিন রায়গঞ্জ মেডিক্যালে কলেজ চত্বরে দাঁড়িয়ে জানান, পারিবারিক জমি নিয়ে অনেকদিনের পুরনো বচসা ছিল। এনিয়ে বাবা ও কাকাদের মধ্যে মনোমালিন্য হতো। কিছুদিন আগে পেশায় আইসক্রিম বিক্রেতা কাকা পলিদের পাশের জমিতে ঘর তৈরি করেন। কিন্তু ওই ঘরের কিছুটা অংশ তাঁদের জমির দিকে ঢুকে ছিল। এনিয়ে পলির বাবা ক্ষুব্ধ ছিলেন। প্রতিবাদ করলেই অশান্তি হতো। এরই মধ্যে মঙ্গলবার পলির ভাইকে বাড়ির বাইরে পাকড়াও করে মারধর করেন কাকা রাজকিশোর সিংহ। পলি বলেন, সেই ঘটনার প্রতিবাদ করতে যান আমার বাবা। তখনই কাকা ঝগড়ার সময় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে দফায় দফায় কোপ মারেন। আমার মা সেই ঘটনা দেখে প্রতিবাদ করতে এগিয়ে গেলে মাকেও কোপান কাকা। ঠাকুরদাও কাকার হয়ে সেখানে উপস্থিত ছিলেন। এরপরই মা এবং আমাদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।
ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে প্রথমে করণদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দু’জনকেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। কিন্তু দয়ালকে বাঁচানো সম্ভব হয়নি। সেখানেই চিকিত্সাধীন দয়ালের স্ত্রী।
মৃতের প্রতিবেশী বন্ধুলাল সিংহের দাবি, একই পরিবারে দুই ভাইয়ের মধ্যে বচসা। ছোটভাই ও কয়েকজন মিলে বড় ভাই দয়াল সিংহ ও তাঁর স্ত্রী সারথী সিংহের উপর চড়াও হয়। শেষে ধারালো অস্ত্র দিয়ে কোপ। মুহূর্তের সেই অশান্তির পর আমরা ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে হাসপাতালে আনি। কিন্তু শেষরক্ষা হয়নি। দয়াল সিংহের মৃত্যু হয়েছে।
জখম সারথী। - নিজস্ব চিত্র।