নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাড়ে তিন বছর ধরে বিবাদ। বাবার সম্পত্তির ভাগাভাগি নিয়ে সেই বিবাদ চরম আকার নিল। দুই ভাইয়ের উত্তপ্ত বাক্য বিনিময় থেকে হাতাহাতি। ভাইয়ের মারধরের জেরে মাথায় গুরুতর আঘাত লাগে দাদার। আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁকে এন আর এস মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ১২টা বেজে ৪০ মিনিট নাগাদ এই প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পার্ক স্ট্রিট থানা এলাকার এজেসি বোস রোডের একটি বাড়িতে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম নীরজ জয়সওয়াল (৫৫)। তাঁর ছেলে শুভম জয়সওয়ালের লিখিত অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। প্রৌঢ়ের ভাই ধীরজ জয়সওয়ালকে (৫৩) গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার ৭৫এফ, কৈলাস বোস রোডের বাসিন্দা নীরজ। সেখানেই স্ত্রী ও পুত্রের সঙ্গে থাকতেন তিনি। তাঁর ভাই ধীরাজ জয়সওয়াল থাকেন ৩৬এ, এজেসি বোস রোডের বাড়িতে। এই বাড়িটি দুই ভাইয়ের পৈতৃক সম্পত্তি। তাঁদের বাবার নাম পান্নালাল জয়সওয়াল। জীবিত রয়েছেন পান্নালাল। কিন্তু, বাবার জীবদ্দশাতেই দুই ভাইয়ের মধ্যে পার্ক স্ট্রিট থানা এলাকার এই বাড়ি ভাগ নিয়ে ব্যাপক অশান্তি শুরু হয় কয়েকবছর আগে। তার জেরেই পৈতৃক বাড়ি ছেড়ে আমহার্স্ট স্ট্রিটের বাড়িতে বসবাস শুরু করেন নীরজ। অভিযোগ, ২০২৫ সাল শেষের আগেই এই বাড়ি ভাগ বাঁটোয়ারা করে নেওয়ার কথা ছিল। কিন্তু, বছর শেষ হতে চললেও, সম্পত্তি ভাগাভাগিতে নারাজ ছিলেন ধীরজ, এমনটাই অভিযোগ। সেই নিয়ে কথা বলতেই মঙ্গলবার সন্ধ্যায় এজেসি বোস রোডের বাড়িতে গিয়েছিলেন নীরজ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ নীরজ তাঁর পৈতৃক বাড়িতে যান। সন্ধ্যায় সাড়ে ৬টা-৭টা নাগাদ ভাইয়ের সঙ্গে সম্পত্তি ভাগাভাগি ও পুরনো পারিবারিক সমস্যা নিয়ে তাঁর বিবাদ শুরু হয়।



