Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বধূকে ধর্ষণের হুমকি, রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা!

ফেসবুকে যুবকের সঙ্গে বন্ধুত্ব। কিছুদিন যেতে না যেতেই বিয়ের প্রস্তাব। বধূ মানতে না চাইলে রাস্তাঘাটে উত্যক্ত করতে শুরু করে ওই যুবক।

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বধূকে ধর্ষণের হুমকি, রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা!
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: ফেসবুকে যুবকের সঙ্গে বন্ধুত্ব। কিছুদিন যেতে না যেতেই বিয়ের প্রস্তাব। বধূ মানতে না চাইলে রাস্তাঘাটে উত্যক্ত করতে শুরু করে ওই যুবক। রাস্তায় দেখলেই শুরু হয় গালিগালাজ। ছেলেকে অপহরণ করার হুমকিও দিয়েছিল সে। বৃহস্পতিবার ভরদুপুরে ফের বালুরঘাট শহরের রাস্তায় বধূকে হেনস্তা ও শ্লীলতাহানি করল ওই যুবক। পিছন থেকে ওড়না টানার পর শ্লীলতাহানির পাশাপাশি হাত ধরে টানাটানি করে বধূকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে। বধূ ভয় পেয়ে চিৎকার করতেই পালিয়ে যাওয়ার সময় গণধর্ষণের হুমকি দিয়েছে ওই যুবক। এই ঘটনায় শোরগোল কলেজ মোড় ও পুরসভার সামনের রাস্তায়। প্রাণভয়ে বধূ বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করেছে পুলিস। তল্লাশি চালিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস। 

Advertisement

পুলিস সূত্রে খবর,ওই বধূর বাড়ি বালুরঘাট শহর লাগোয়া একটি গ্রামে। সেখান থেকে এদিন কাজে এসেছিলেন শহরে। যুবকও থাকে বালুরঘাট শহরে। বধূকে রাস্তায় একা পেয়েই এদিন এই কাণ্ড ঘটায় যুবক। ২০২৪ সালের প্রথম দিকে ফেসবুকের মাধ্যমে ওই বধূর সঙ্গে অভিযুক্ত যুবকের পরিচয়। এরপরেই বন্ধুত্ব গড়ে ওঠে। আস্তে আস্তে বধূর প্রেমে পড়ে যায় যুবক। তাঁকে বিয়ের করার প্রস্তাবও দেয়। কিন্তু স্বামী, সন্তানকে ফেলে যুবকের সঙ্গে ঘর বাঁধতে রাজি হননি বধূ। তাতে গোঁসা হয়েছিল যুবকের। সেই প্রত্যাখ্যানের পর যুবকের আচরণ দিনদিন বেপরোয়া হয়ে ওঠে। বিপদ বুঝে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুবকের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেন বধূ। সেটা মেনে নিতে পারেনি অভিযুক্ত। তারপরেই শুরু করে গালিগালাজ। প্রস্তাব না মানলে বধূর ছেলেকে অপহরণের হুমকিও দেয় সে। কিছুদিন আগে দু’পক্ষকে নিয়ে মীমাংসা করা হয়েছিল। তবে, যুবকের অত্যাচারের মাত্রা তাতে একটুও কমেনি। বৃহস্পতিবার বধূ শহরে কাজে এলে পিছন থেকে তাঁর ওড়না টেনে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে।
বধূর দাবি, খারাপ কথা বলার পরই যোগাযোগ বন্ধ করেছিলাম। তারপর থেকেই এই অত্যাচার শুরু হয়েছে। এদিন আমার ওড়না টেনে ধরে এবং গণধর্ষণের হুমকি দেয়। চিৎকার করতেই সে পালিয়ে গিয়েছে। আতঙ্কিত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিস তার খোঁজ করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ