Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কনের রূপচর্চা

ত্বক ও চুলে জেল্লা যোগ করতে প্রস্তুতি কেমন হবে? পরামর্শে কেয়া শেঠ।

কনের রূপচর্চা
  • ৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ত্বক ও চুলে জেল্লা যোগ করতে প্রস্তুতি কেমন হবে? পরামর্শে কেয়া শেঠ।

Advertisement

কথায় বলে জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে। তার মানে, বিয়ে ব্যাপারটা এতই গুরুত্বপূর্ণ যে জন্ম-মৃত্যুর মতো এটিও এক বিধাতার দপ্তর! বিয়ের পাকাকথার পর থেকেই সাজ সাজ রব পড়ে যায় বর-কনের অন্দরে। শুধু মন নয়, চেহারাকেও বিয়ের উপযোগী করে তোলার চাই। ত্বক ও চুলের সঠিক যত্ন চাই? বিয়ের দিন পনেরো আগে বা একমাস আগে হঠাৎ কিছু শুরু করলে খুব একটা লাভ হয় না। তাই সময় নিয়ে কিছুটা বাড়তি যত্ন নিন। 
ত্বকের যত্ন
 ত্বকচর্চার বুনিয়াদি নিয়ম ক্লেনজিং, টোনিং ও ময়শ্চারাইজিং। কনেকে এই রূপরুটিনে অভ্যস্ত হতে হবে। বিয়ের আগে কর্মক্ষেত্র থেকে ফিরে প্রতিদিন ক্লেনজিং ও টোনিং করুন। নিজের ত্বকের সঙ্গে যায় এমন ক্লেনজার ও টোনার ব্যবহার করুন। প্রয়োজনে রূপচর্চা বিশেষজ্ঞদের সাহায্য নিন। 
 দিন শুরু করুন ত্বক পরিষ্কার দিয়ে। আগে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। সারাদিনই ত্বকে তেল, ঘাম জমতে থাকে। তাই ঠান্ডা জলে মুখ ধোয়ার কোনও বিকল্প নেই। তারপর ত্বক অনুযায়ী ফেস ওয়াশ ব‌্যবহার করুন। 
 ক্লেনজিং ও টোনিংয়ের পর অবশ্যই ময়শ্চারাইজিং করতে হবে। ত্বককে আর্দ্র রাখা খুবই প্রয়োজন। তাই বিয়ের যত্নে ময়শ্চারাইজারকে ভুলে গেলে চলবে না। নিয়াসিনামাইড বা হায়ালুরনিক অ্যাসিড আছে, এমন কোনও সিরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে স্কিন হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করতে পারেন। স্পর্শকাতর ত্বক হলে অ্যালোভেরা জেল সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক তৈলাক্ত হলে নিম জেলও খুব উপকারী।
 বাইরে প্রায়ই বেরতে হলে সপ্তাহে দু’-তিন দিন এক্সফোলিয়েশন করুন। এতে ত্বকের মৃত কোষ ঝরে যায়। ত্বকের দূষিত পদার্থকে টেনে বের করে আনা সম্ভব হয়।
 মেকআপ তোলার দিকেও নজর দেওয়া জরুরি। মেকআপ না তুলে কখনও ঘুমাতে যাবেন না। তুলোয় রিমুভার নিয়ে ভালো করে মেকআপ তুলুন। নারকেল তেলও ভালো মেকআপ রিমুভার। নাকের দু’পাশ, চোখের তলা ভালো করে মুছতে হবে। তারপর ত্বক অনুসারে সিরাম বা স্কিন অয়েল ব্যবহার করতে পারেন। 
 নিত্য এই ধরনের যত্নের পরেও ত্বকের বাড়তি যে দেখভাল প্রয়োজন হয়, তার জন্য ভরসা রাখুন বিশেষ ফেসিয়াল, স্কিন স্পা, ওয়াক্সিং, বডি পলিশিংয়ের উপর।
 পায়ের যত্ন নিতেও ভুলবেন না। পা ফাটলে ভালো ফুট ক্রিম ব্যবহার করতে পারেন। পা ভালো করে পরিষ্কার করে মধু ও পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। ১৫ দিন অন্তর একটি করে পেডিকিওর করান। উপকার পাবেন।
চুলের যত্ন
 চুলের যত্নের ক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখুন প্রচলিত উপায়ে চুল পরিষ্কারের দিকে। চুলের তেল, শ্যাম্পু, কন্ডিশনার এই হল চুলের সেরা বন্ধু। ২-৩-১০ এই নিয়ম মনে রাখুন। সপ্তাহে দুই দিন হালকা গরম তেল মালিশ, তিন দিন শ্যাম্পু ও সঙ্গে কন্ডিশনার এবং প্রতি দশ দিন অন্তর একটি করে হেয়ার স্পা। বিয়ের দিন চুল সুন্দর ও উজ্জ্বল দেখাতে এই রুটিনের জুড়ি নেই। 
 অনেকেই মনে করেন, তেল মাখার দিনই বোধহয় শ্যাম্পু করতে হয়। এমন না করে বরং ঘুমনোর আগে বাড়িতে বানানো ভেষজ তেল মালিশ করুন। সারা রাত মাথায় তেল রেখে পরেরদিন সকালে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। তবে চুল ওঠার প্রবণতা থাকলে বা মাথার ত্বক খুব তৈলাক্ত হলে গরম তেল মাসাজ করবেন না। বরং সেক্ষেত্রে সপ্তাহে একদিন ২ চামচ দইয়ের সঙ্গে ১ চামচ মধু ও অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে চুলের প্যাক তৈরি করে মাখলে উপকার পাবেন। 
 চুল কাটার দিকেও সচেতন হতে হবে। বিয়ের মাস দুই আগে চুল ট্রিম করিয়ে নিন। নতুন কোনও কাট নিয়ে এই সময় পরীক্ষানিরীক্ষা করবেন না। যে কাট আগে কেটেছেন ও মুখের সঙ্গে মানানসই হয়েছে সেই কাটই করিয়ে নিন।
 কালার করার ক্ষেত্রেও সচেতন থাকুন। সাধারণ সময়ে ফ্যাশনের কারণে নানা রং চুলে করতেই পারেন, কিন্তু বিয়ের কথা মাথায় রেখে চুল রং করলে নিউট্রাল কোনও রং নির্বাচন করুন। স্বাভাবিক চুলের ধরন ও রঙের সঙ্গে মেলে এমন কোনও গাঢ় রং বেছে নিতে পারেন। চুলে রং করুন বিয়ের ৫-৭ দিন আগে। চুলে রং করতেই হবে এমন কোনও কথা নেই। 
 মাথায় খুশকির সমস্যা থাকলে বিয়ের আগেই তা নির্মূল করতে হবে। সেক্ষেত্রে ১ কাপ ভাতের ফ্যান, ১টি পাতিলেবু ও ১০ ফোঁটা আদার রস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। সেই প্যাকটি সপ্তাহে দুই দিন চুলে ব্যবহার করুন। এতে খুশকি, চুল পড়া সব নিয়ন্ত্রণে থাকবে। 
উজ্জ্বল ত্বকের রহস্য
কেওলিন পাউডার ও মুলতানি মাটি প্রতিটি অর্ধেক চামচ করে নিয়ে, তার সঙ্গে দুধের সর বা কাঁচা দুধ মিশিয়ে একটি গোলাপের পাপড়ি থেঁতো করে মিশিয়ে দিন। সপ্তাহে দিন দুই এই প্যাক মেখে কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে নিন। এতে ত্বকের দাগছোপ, অনুজ্জ্বল ভাব কমবে। ত্বক নরম হবে। বিয়ের রাতে ত্বকের জৌলুস বাড়বে কয়েক গুণ!
উজ্জ্বল চুলের রহস্য
এক মুঠো মেথি, সামান্য মধু ও বাড়িতে লেবু দিয়ে কাটানো ছানা মিলিয়ে একটি পেস্ট তৈরি করুন। সপ্তাহে এক-দু’দিন এই প্যাক মাথার চুলে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাক নিয়ম মেনে ব্যবহার করলে চুল যেমন পরিষ্কার হবে, কম ঝরবে, তেমনই বিয়ের দিন বাড়তি জেল্লা এনে দেবে চুলের সাজে।
মনীষা মুখোপাধ্যায়

Advertisement
সম্পর্কিত সংবাদ