নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুর্নীতির অভিযোগকে সামনে রেখে রবিবার সকালে উত্তেজনা ছড়াল বারাসতে। বারাসত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুনীল মুখোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের প্ররোচনাতেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। বিক্ষোভ চলাকালীন তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ও ডিম ছোড়া হয়। একই ধরনের হামলার অভিযোগ উঠেছে সুনীল ঘনিষ্ঠ সুজিত সাহার বাড়িতেও।
বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে বারাসত পুরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে। এলাকায় পুকুর ভরাট থেকে বেআইনি নির্মাণে মদত দিয়েছেন প্রাক্তন চেয়ারম্যান। সুনীলবাবু যদি কোনো অনিয়মে যুক্ত না থাকেন, তাহলে কেন চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন? পাশাপাশি তাঁর বিরুদ্ধে জলাশয় ভরাট, বেআইনি ফ্ল্যাট নির্মাণ সহ একাধিক অভিযোগ রয়েছে। সুনীল মুখোপাধ্যায়ের পালটা দাবি, শুধুমাত্র ডিম ছোড়া নয়, তাঁর বাড়িতে ভাঙচুরও চালানো হয়েছে। যে সমস্ত অভিযোগ করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। অযথা বাড়িতে হামলা চালানো হল। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়।
এরপর বিজেপি কর্মীরা সুনীলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সুজিত সাহার বাড়িতে হামলা চালায়। তাঁর বাড়িতেও ইট, ডিম ছোড়ার পাশাপাশি ওঠে ‘চোর চোর’ স্লোগান। সুজিত সাহা বলেন, এর আগেও আমার বাড়িতে একাধিকবার হামলা হয়েছে। কারও কোনো অভিযোগ থাকলে প্রশাসনের কাছে জানাতে পারেন। কিন্তু বাড়িতে হামলা চালানোর কোনো যুক্তি নেই। পৃথক দু’টি ঘটনাকে কেন্দ্র করে বারাসতের রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। দু’টি ঘটনা নিয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার বলেন, এলাকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এতে বিজেপির কোনো কর্মী জড়িত নন। আমরা ইট বা ডিম হামলায় বিশ্বাসী নয়। নিজস্ব চিত্র