Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইকে ধাক্কা মেরে চারচাকা গাড়ির উপরে উঠল ইটবোঝাই ট্রাক্টর, গুরুতর জখম ৩

মঙ্গলবার ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সাক্ষী হল আসানসোল শিল্পাঞ্চল। হীরাপুর ট্রাফিক গার্ডের অন্তর্গত ইস্কো স্ক্র্যাপ গেটের সামনে আসানসোল-বার্নপুর রাস্তার উপর দুর্ঘটনাটি ঘটে।

বাইকে ধাক্কা মেরে চারচাকা গাড়ির উপরে উঠল ইটবোঝাই ট্রাক্টর, গুরুতর জখম ৩
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মঙ্গলবার ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সাক্ষী হল আসানসোল শিল্পাঞ্চল। হীরাপুর ট্রাফিক গার্ডের অন্তর্গত ইস্কো স্ক্র্যাপ গেটের সামনে আসানসোল-বার্নপুর রাস্তার উপর দুর্ঘটনাটি ঘটে। আসানসোল থেকে বার্নপুর অভিমুখে অতি দ্রুতগতিতে যাচ্ছিল একটি ট্রাক্টর। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি প্রথমে উল্টো দিক থেকে আসা একটি বাইককে ধাক্কা মারে। তারপর ট্রাক্টরটি একটি চারচাকা গাড়িকে ধাক্কা মেরে তার উপর উঠে যায়। বাইক চালকের নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তাঁর বাইকের পিছনে বসে থাকা মহিলা জখম হন। তাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে গুরুতর চোট পান চারচাকার চালক। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাস্তার একটি লেনের সংস্কারের চলছে। তাই অন্য লেন দিয়েই দু’ দিকে গাড়ি যাতায়াত করছে। এই অবস্থায় কী করে একটি ইট বোঝাই ট্রাক্টর এত দ্রুতগতিতে যাচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

Advertisement

ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় কাউন্সিলার শ্রাবণী বিশ্বাস বলেন, জখমদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিয়ম ভেঙে ট্রাক্টর চলাচল প্রসঙ্গে তিনি বলেন, পুলিস ও প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে কঠোর পদক্ষেপ নেওয়া। 
আসানসোল-বার্নপুরের সংযোগকারী রাস্তাটি শহরের অন্যতম ব্যস্ত রাস্তা। ইস্কো স্ক্র্যাপ গেট মোড় থেকে জুবলি মোড় পর্যন্ত এই রাস্তার সংস্কার করছে এডিডিএ। যার জেরে একটি লেন বন্ধ। একটি লেন দিয়েই উভয় দিকে গাড়ি যাতায়াত করছে। বাইক, চারচাকা নিয়ে যাওয়াই যেখানে সমস্যার, সেই রাস্তা দিয়েই ঝড়ের গতিতে ছুটছে ট্রাক্টরটি। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। ক্রেনে করে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরানো হয়। ট্রাক্টরটি কতটা গতিতে থাকলে একটি বাইককে ধাক্কা মেরে তা চারচাকা গাড়ির উপর উঠে যেতে পারে তা ভেবেই অবাক হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা আনন্দ উপাধ্যায় বলেন, আমরা দ্রুত জখমদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্য‌বস্থা করেছি। উদ্বেগজনক ঘটনা। 
আসানসোল-বার্নপুর শহর জুড়েই পণ্যবাহী ট্রাক্টরের দাপাদাপি চলে। দুর্ঘটনার পরও শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় ভগৎ সিং মোড়ে একের পর এক ট্রাক্টরকে দ্রুতগতিতে ছুটতে দেখা গিয়েছে।  ট্রাক্টরের যে ট্রলিগুলি রয়েছে তার সাইজেও বেনিয়ম করা হচ্ছে। ট্রলির উপর পাটা যুক্ত করে তার উচ্চতা বাড়ানো হচ্ছে। এতে ক্ষমতার থেকে বেশি বালি, ইট, পাথর পরিবহণ করা যাচ্ছে। শহরের রাস্তার উপর দিয়ে যাতায়াত করা পথচারী থেকে বাইক, স্কুটি চালকরা রীতিমতো আতঙ্কে থাকেন। প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রসেনজিৎ পুইতণ্ডি বলেন, বাইকে পরিবার নিয়ে তিনজন গেলে মোটা টাকা জরিমানা করা হচ্ছে আর ট্রাক্টরগুলিকে দেখতে পাচ্ছে না পুলিস। বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, এই রাজ্যে আইন ভাঙাটাই নিয়ম হয়ে গিয়েছে। 
ডিসি ভিজি সতীশ পশুমূর্তি বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ট্রাক্টর চলার জন্য বিকল্প রুট দেওয়া হয়েছিল। তাও কেন এদিকে যাতায়াত করছে তা খতিয়ে দেখা হবে।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ