• স্বাস্থ্যক্ষেত্রে অক্টোবর মাস পালিত হয় ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসেবে। এই উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট ও এনসিআরআই হাসপাতালের ইনস্টিটিউট অব ব্রেস্ট ডিজিজের যৌথ উদ্যোগে আয়োজিত হল ক্যান্সার সচেতনতা সেমিনার— ‘প্রোজেক্ট পিঙ্ক অ্যালার্ট’। মূল লক্ষ্য, ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মের মধ্যে ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি। ইনস্টিটিউট অব ব্রেস্ট ডিজিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের এআই গবেষক ডঃ কণাদ বসুর পরিকল্পনায় এই সেমিনার আয়োজিত হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রোগ অনেক পরে ধরা পড়ল। এখানেই অজ্ঞাতসারে বিপদ ঢুকে পড়ে শরীরে। তাই ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা কীভাবে হবে ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা চলে। সেখানে ইনস্টিটিউট অব ব্রেস্ট ডিজিজের ডিরেক্টর ও বিশিষ্ট ক্যান্সার সার্জেন ডাঃ সৌমেন দাস বলেন, নবীন প্রজন্ম সচেতন হলে তবেই এই অসুখের প্রকোপ কমবে। তাই এই প্রজন্মের কাছে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন।



