Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিরোধীর মাথা গুঁড়িয়ে দেওয়ার হুমকি রহিমের

বিরোধীর মাথা গুঁড়িয়ে দেওয়ার হুমকি রহিমের
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: জেলা সভাপতির কুকথায় ফের অস্বস্তি বাড়ল তৃণমূলের। এবার বিরোধীদের হাত নামিয়ে মাথা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। একাধিকবার বিরোধীদের উদ্দেশে কুকথা বলে বিতর্কে জড়িয়েছেন মালতিপুরের বিধায়ক। বারবার তাঁর এই ধরনের মন্তব্যে দলের ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে, সেকথা মানছেন অনেক নেতা।  
Advertisement
জানুয়ারি মাসজুড়ে রাজ্যব্যাপী টানা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মসূচী সফল করতে ব্লকে ব্লকে গিয়ে এখন কর্মিসভা করছেন জেলা সভাপতি তথা মালতিপুরের বিধায়ক রহিম বক্সি। বুধবার বিকেলে কালিয়াচক -১ ব্লকে সেরকম একটি কর্মিসভায় গিয়েছিলেন তিনি। সেখানে রহিম বক্সির বক্তৃতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)। ভিডিওতে রহিম বলছেন, সিপিএম, কংগ্রেসের হাত নামিয়ে দিন। মাথা ভেঙে চুরমার করে পিষে দিন। 
বৃহস্পতিবার সকালে যোগাযোগ করা হলে রহিম সুর নরম করে বলেন, আমি বলেছি যে কিছু মানুষ রাজনীতির নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন। মূলত ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন তাঁরা। যারা এই কাজ করছেন, তাঁদের সাহায্য করছে কংগ্রেস এবং সিপিএম। সেই সব মানুষের হাত নামিয়ে দিতে হবে। হাত কেটে দিতে হবে বলিনি। আর যে মাথা থেকে কুবুদ্ধি বেরিয়ে আসছে, সেই মাথাও চুরমার করে দাও। তাহলে কুবুদ্ধি আর আসবে না।
এর আগে বিরোধীদের জিভ টেনে ছিঁড়ে নেওয়া, মাটিতে ফেলে পেটানো, আগুনে পুড়িয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা শোনা গিয়েছিল রহিমের মুখ থেকে। বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাফল্যের পর বিরোধীদের জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। রহিমের মন্তব্যের পরই পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধী নেতারা। সিপিএমের জেলা সম্পাদক তথা আহ্বায়ক অম্বর মিত্রের কথায়, উনি একজন দলবদলু। এখন হয়তো দলেই তাঁর বিশ্বাসযোগ্যতা নেই। তাই আস্থা অর্জন করতেই এমন রাস্তা বেছে নিয়েছেন।
বিজেপির মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথী ঘোষের মন্তব্য, মালদহের মাটিতে তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। তাই এমন মন্তব্য করে মানুষকে ভয় দেখাতে চাইছেন শাসক দলের নেতারা। আসলে মানুষের কাছে যাওয়ার মতো তাঁদের কাছে কোনও ইস্যুই নেই। এসব মন্তব্য করেই প্রচারে থাকতে চাইছেন।
সম্পর্কিত সংবাদ