নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান স্টেশন চত্বর থেকে নকল সোনার বিস্কুট সহ দু’জনকে আটক করেছে পুলিস। নকল সোনা দেখিয়ে তারা টাকা হাতানোর চেষ্ট করছিল বলে অভিযোগ। পুলিস সূত্রে জানা গিয়েছে, ‘বহুরূপী’ সিনেমার কায়দাতে বেশ কিছুদিন ধরে দুই প্রতারক প্রতারণা করে চলছে। বিভিন্ন রূপ ধরে তারা গৃহস্থের বাড়িতে হাজির হচ্ছে। বাড়ির মঙ্গল কামনার পরামর্শ দিয়ে তারা সোনার অলঙ্কার ও টাকা হাতাচ্ছে। নাড়ি কলোনির বাসিন্দা সৌভিক সমাদ্দার বলেন, বেশ কিছুদিন আগে আচমকা দুই ব্যক্তি বাড়িতে আসে। প্রথমে তারা জল খেতে চায়। বেশকিছু পরামর্শ দেয়। তারপর তারা বলে, সোনার আংটি গামছায় বেঁধে ঠাকুরের কাছে রাখলে উন্নতি হবে। প্রথমে তাতে রাজি হইনি। কিন্তু ওরা বারবার প্রভাবিত করতে থাকে। বাধ্য হয়ে সোনার আংটি ওদের হাতে দিই। ওরা আমার সামনেই সেটি গামছায় বাঁধতে থাকে। কিন্তু পরে তা খুলে দেখি আংটি নেই। কখন তারা সেটা সরিয়ে নিল টের পেলাম না। তবে ওদের ছবি সিসি ক্যামেরায় রয়েছে। পরে আরও কয়েকজনের কাছ থেকে তারা এই কায়দায় অলঙ্কার হাতিয়েছে বলে জানতে পারি। থানায় অভিযোগ জানানো হয়েছে।



