Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে বালি পাচারের অভিযোগে ট্রাক্টর সহ ধৃত

বর্ধমানে বালি পাচারের অভিযোগে ট্রাক্টর সহ ধৃত
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বালিবোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে বর্ধমান থানার পুলিস। বালির অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টটির চালককে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, বুধবার সকালে গলসির দিক থেকে ট্রাক্টরটি উল্লাসের দিকে আসছিল। জাতীয় সড়ক ধরে আসার সময় তেলিপুকুরের কাছে পুলিস সেটিকে আটকায়। চালক বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। গলসি থানা এলাকায় দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে তা চড়া দামে বিক্রির জন্য ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিস জানিয়েছে। এদিন আদালতে তোলা হলে ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। 
Advertisement
মারধরের ঘটনায় ধৃত ১: বাঁশ ও রড দিয়ে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম শেখ সাবির। বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলাপাড়ায় তার বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, দিনকয়েক আগে রাত সাড়ে ৮টা নাগাদ বাহির সর্বমঙ্গলাপাড়ার বাসিন্দা মজিবর রহমান ও তাঁর এক আত্মীয় শহরের বাবুরবাগের নার্স কোয়ার্টারের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেসময় কয়েকজন তাঁদের তুলে নিয়ে গিয়ে বাঁশ, রড দিয়ে প্রচণ্ড মারধর করে। ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৩ জানুয়ারি ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
ডাকাত সন্দেহে ধৃত ১: ডাকাত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম শেখ আকাশ। বর্ধমান থানার হটুদেওয়ান পীরতলা এলাকায় তার বাড়ি। বুধবার ভোরে বর্ধমান–গুসকরা রোডে ১০৮ শিবমন্দিরের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
কিছুদিন আগে বর্ধমান–গুসকরা রোডে একটি গ্যাসের গোডাউনের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিস। সেদিন দলের কয়েকজন পালিয়ে যায়। পলাতকদের মধ্যে আকাশ ছিল বলে পুলিসের দাবি। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৫ জানুয়ারি ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
সম্পর্কিত সংবাদ