Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূম জেলার স্কুলগুলিতে কিচেন গার্ডেন চালুর উদ্যোগ

বীরভূম জেলার স্কুলগুলিতে কিচেন গার্ডেন চালুর উদ্যোগ
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: স্কুল পড়ুয়াদের জন্য মিড ডে মিলের খাবারে পুষ্টিকর শাকসব্জি তুলে দিতে জেলাজুড়ে বিভিন্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে কিচেন গার্ডেন তৈরির উদ্যোগ নিল বীরভূম জেলা প্রশাসন। এই উদ্যোগের ফলে মূল্যবৃদ্ধির বাজারে মিড ডে মিলে পড়ুয়াদের পুষ্টিকর তরিতরকারি দিতে পারবে স্কুল কর্তৃপক্ষ। 
Advertisement
জেলার গ্রামীণ অঞ্চলের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে। পারিবারিক অভাবের কারণে তাদের অনেককেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয়। তাই কেন্দ্রীয় সরকারের উদ্যোগে স্কুলগুলিতে মিড ডে মিল চালু করা হয়। এতে স্কুলে গিয়ে পড়ুয়ারা অন্তত একবেলার খাবারের বিষয়টি নিশ্চিত হয়। সেই খাবারে পুষ্টির বিষয়টিও নজরে রাখা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের অর্থ সামান্য বাড়িয়েছে। প্রাথমিকের ক্ষেত্রে পড়ুয়া পিছু পাঁচ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ১৯ পয়সা করা হয়েছে এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে আট টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ন’ টাকা ২৯ পয়সা করা হয়েছে। বীরভূমের প্রায় ৩৭৮৩টি স্কুলের পাঁচ লক্ষ ১৮ হাজার ২০২ জন পড়ুয়াকে এই পরিষেবা দেওয়া হয়। কিন্তু অভিযোগ, দিনের পর দিন বেড়েই চলছে সব্জি, ডিম সহ অন্যান্য রান্নার সামগ্রীর দাম। সম্প্রতি জেলায় দারুন বেড়ে গিয়েছিল সব্জির দাম। এখনও অনেক জায়গায় সব্জি ও ডিমের দাম আকাশছোঁয়া। অর্থাৎ বরাদ্দ বাড়লেও মিড ডে মিলের খরচ কুলিয়ে উঠতে হিমশিম খেতে হচ্ছে স্কুলগুলিকে। তাই এই মূল্যবৃদ্ধির বাজারে পড়ুয়াদের পাতে পুষ্টিকর সব্জি তুলে দিতেই কিচেন গার্ডেন শুরু করেছে জেলা প্রশাসন। বিভিন্ন স্কুলের ক্যাম্পাসেই পড়ে থাকা ফাঁকা জমিতে চাষ করা হচ্ছে শাকসব্জি। আর সেই সব্জিই মিড ডে মিলে খাওয়ানো হচ্ছে পড়ুয়াদের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই পদ্ধতি প্রাথমিক ভাবে ৫১২টি স্কুলে চালু করা হয়েছিল। তাতে ভালো ফল পাওয়া গিয়েছে। তাই নতুন করে জেলার ৮৯৫টি স্কুলে কিচেন গার্ডেন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদ্ধতি জেলা প্রশাসন ও উদ্যান পালন দপ্তরের যৌথ উদ্যোগে করা হচ্ছে। উদ্যান পালন দপ্তর স্কুলগুলিকে সব্জি বীজ দিয়ে সাহায্য করছে। 
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, এই কিচেন গার্ডেন খুবই লাভজনক। কারণ থেকে স্কুলের পড়ুয়ারা রাসায়নিকহীন সব্জি প্রতিদিন মিড ডে মিলে পাবে। বাজারে মূল্যবৃদ্ধি হলেও তার প্রভাব কম পড়বে মিড ডে মিলের হেঁশেলে।
সম্পর্কিত সংবাদ