নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূম জেলায় ৮৯জন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার মোট ১৭টি স্কুলের ৮৯জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। আধিকারিকদের দাবি, অন্যান্য জেলায় সাইবার জালিয়াতির খবর জানার পর যাচাই করার সময় দেখা যাচ্ছে ওই পড়ুয়ারা ট্যাবের টাকা পায়নি। ডেটা এন্ট্রি ও নথিপত্র নিয়ে সমস্যার জন্যই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। স্কুলগুলির কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জেলা প্রশাসন।
Advertisement
ডিআই(মাধ্যমিক) চন্দ্রশেখর জাউলিয়া বলেন, পুজোর আগে প্রায় ৫০হাজার পড়ুয়াকে ট্যাবের টাকা পাঠানো হয়েছে। কিন্তু ৮৯জনের অ্যাকাউন্টে সেই টাকা যায়নি। ডেটা এন্ট্রির সময় সম্ভবত ভুল হয়েছিল। তবে ঠিক কী কারণে ওই পড়ুয়ারা টাকা পেল না স্কুলগুলিকে জানাতে বলা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকেও চিঠি করা হচ্ছে। আশা করি খুব শীঘ্রই প্রত্যেক পড়ুয়া ট্যাবের টাকা হাতে পেয়ে যাবে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, আমাদের জেলায় সাইবার প্রতারণার কোনও অভিযোগ এখনও পর্যন্ত সামনে আসেনি। আমরা সবকিছুই খতিয়ে দেখছি। কন্যাশ্রী, রূপশ্রী এইসব প্রকল্পের টাকাও ঠিকঠাকভাবে অ্যাকাউন্টে যাচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।



