কুইটো: বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত হয়েছে আগেই। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্তিনা। মঙ্গলবার (ভারতীয় সময় বুধবার ভোরে) শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধেও জয় নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের। গত ম্যাচে ভেনেজুয়েলাকে তিন গোলে বশ মানিয়েছে লায়োনেল স্কালোনি ব্রিগেড। দেশের জার্সিতে সেটাই ছিল ঘরের মাঠে লায়োনেল মেসির শেষ ম্যাচ। আবেগঘন ম্যাচে জোড়া গোলে দলকে জয় এনে দিয়েছিলেন এলএমটেন। ইকুয়েডরের বিরুদ্ধে অবশ্য তাঁকে বিশ্রাম দিতে চলেছেন কোচ স্কালোনি। তাই মেসিহীন আর্জেন্তিনাকে বেগ দিতে মরিয়া ইকুয়েডর। উল্লেখ্য, ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তারা। সমসংখ্যক ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ইকুয়েডরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কলম্বিয়া ও প্যারাগুয়ে। তাই সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে আর্জেন্তিনার বিরুদ্ধে জিততেই হবে সেবাস্তিয়ান বেকাসেসের দলকে। মেসির অনুপস্থিতিতে ইকুয়েডরের বিরুদ্ধে দলে একাধিক পরিবর্তন আনতে চলেছেন স্কালোনি। আপফ্রন্টে প্রথম একাদশে ফিরতে পারেন লাওতারো মার্তিনেজ। উল্লেখ্য, গত ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমে স্কোরশিটে নাম তুলেছিলেন ইন্তার মিলানের এই স্ট্রাইকার। তাই মঙ্গলবার আলভারেজ-আলমাডার পাশাপাশি গোলের জন্য তাঁর দিকে তাকিয়ে থাকবে আর্জেন্তিনা দল। এছাড়া মাঝমাঠে শুরু করতে পারেন নিকো গঞ্জালেজ।



