রিও ডি জেনেইরো: ২০২৬ বিশ্বকাপে খেলার আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে নেইমারের। একেই চোটের কারণে প্রায় দু’বছর জাতীয় দলের বাইরে এই ব্রাজিলিয়ান তারকা। তাঁকে ছাড়াই ইতিমধ্যে মার্কিন মুলুকের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তা সত্ত্বেও বাছাই পর্বের শেষ দু’টি ম্যাচে দলে ফিরতে মরিয়া ছিলেন নেইমার। তবে সেটা সম্ভব হচ্ছে না। গত সপ্তাহে ক্লাব ফুটবলে ফের চোট পান সেলেকাও তারকা। ফলে তাঁকে ছাড়া বাছাই পর্বের আসন্ন দু’টি ম্যাচের জন্য চূড়ান্ত দল বেছে নিলেন কোচ কার্লো আনসেলোত্তি। নেইমারের পাশাপাশি ঘোষিত দলে জায়গায় হয়নি ভিনিসিয়াস জুনিয়র ও রডরিগোর। উল্লেখ্য, কার্ড সমস্যায় চিলি ম্যাচে নেই ভিনিসিয়াস। তাই শেষ ম্যাচেও তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন আনসেলোত্তি। তবে রডরিগোর বাদ পড়ায় অনেকেই অবাক।
আনেলোত্তির প্রশিক্ষণে ইতিমধ্যেই বাছাই পর্বে দু’টি ম্যাচ খেলেছে ব্রাজিল। ইকুয়েডরের বিরুদ্ধে ড্র করলেও, ঘরের মাঠে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করে তারা। এই ম্যাচ দু’টিতেও নেইমারকে দলে রাখেননি অভিজ্ঞ ইতালিয়ান কোচ। সেই সময় তিনি বলেছিলেন, নেইমারকে পুরো সুস্থ করেই দলে ফেরাতে চান তিনি। সেই লক্ষ্যেই গত দু’মাস কঠিন পরিশ্রম করেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। এই পর্বে স্যান্টোসের হয়ে ধারাবাহিকভাবে গোলও করেন। তবে গত সপ্তাহে ভাস্কো দা গামার বিরুদ্ধে ৬ গোলে হারের ম্যাচে চোট পান নেইমার। তার ফলেই জাতীয় দলে প্রত্যাবর্তনের আশা আপাতত থমকে গিয়েছে। এই প্রসঙ্গে কোচ আনসেলোত্তি জানান, ‘গত সপ্তাহে নেইমার হাল্কা চোট পেয়েছে। তাই আমরা কোনওরকম ঝুঁকি নিতে চাইনি। বাছাই পর্বের আর বাকি দু’টি ম্যাচ। ফলে লড়াইটা বেশ কঠিন হবে। তাই দলে ফিট ফুটবলারদের সুযোগ দিতে চেয়েছি।’ নেইমার, রডরিগোদের জায়গা না হলেও, আনসেলোত্তি জমানায় প্রথমবারের জন্য জাতীয় দলে ডাক পেলেন লুকাস পাকুয়েতা।
আগামী ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। আর পাঁচদিন বাদে অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ বলিভিয়া। বর্তমানে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে সেলেকাওরা। সমসংখ্যক ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্তিনা।