Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্রাত্য সামি, প্রত্যাবর্তন সিরাজের, একদিনের স্কোয়াডে শ্রেয়স, নেতৃত্বে গিল

ফের উপেক্ষিত মহম্মদ সামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের স্কোয়াডে জায়গা হল না তাঁর।

ব্রাত্য সামি, প্রত্যাবর্তন সিরাজের, একদিনের স্কোয়াডে শ্রেয়স, নেতৃত্বে গিল
  • ৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের উপেক্ষিত মহম্মদ সামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের স্কোয়াডে জায়গা হল না তাঁর। অথচ, ঘরোয়া ক্রিকেটে বর্ষীয়ান পেসার রয়েছেন দুরন্ত ছন্দে। কিন্তু অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকরা তাঁর ক্ষেত্রে যেন চোখ বন্ধ করেই রয়েছেন। মুখে ঘরোয়া ক্রিকেটকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। অথচ, ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও বঞ্চিত হতে হচ্ছে সামিকে। কোন যুক্তিতে প্রসিদ্ধ কৃষ্ণা দলে সেটাও রহস্যময়! 
ঋতুরাজ গায়কোয়াড়ের স্কোয়াডে না থাকাও বিস্ময়কর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে চার নম্বরে নেমে শতরান করেন তিনি। ‘লিস্ট এ’ ক্রিকেটে তাঁর গড় বিরাট কোহলির চেয়েও বেশি। অথচ, দলে ঠাঁই হয়নি। শ্রেয়স আয়ারের দলে ফেরা অবশ্যই স্বস্তির, তাই বলে কি ঋতুরাজকে ১৫ জনের স্কোয়াডে রাখা যেত না? একইভাবে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ধারাবাহিকতা সত্ত্বেও দেবদূত পাদিক্কাল, সরফরাজ খানরা অবহেলিতই রয়ে গিয়েছেন।
প্রত্যাশামতো কিউয়িদের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন শুভমান গিল। তাঁর ডেপুটি শ্রেয়স। তবে ফিটনেসের উপর নির্ভর করছে মুম্বইকরের খেলা। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল আছেন দলে। দ্বিতীয় কিপার হিসেবে আস্থা রাখা হয়েছে ঋষভ পন্থের উপর। যদিও বিজয় হাজারে ট্রফিতে একেবারেই ফর্মে ছিলেন না তিনি।

Advertisement


পেসার হিসেবে মহম্মদ সিরাজের ওডিআই স্কোয়াডে ফেরা অবশ্য তাপর্যপূর্ণ। এই ফরম্যাটে ক্রমশ হারিয়ে যাচ্ছিলেন তিনি। অর্শদীপ সিংয়ের সঙ্গে নতুন বলে আক্রমণ শুরু করবেন সিরাজই। যশপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াকে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছে। সামনেই টি-২০ বিশ্বকাপ, সেদিকে তাকিয়ে এই সিদ্ধান্ত। তাছাড়া হার্দিক এখনও ম্যাচে দশ ওভার বল করার মতো অবস্থায় আসেননি। অলরাউন্ডার হিসেবে দলে আছেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার রেড্ডি। অক্ষর প্যাটেলের জায়গা হয়নি দলে। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। বাইরেই থেকেছেন বরুণ চক্রবর্তী।


ভারতের ঘোষিত ওডিআই দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আয়ার (সহঅধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং ও যশস্বী জয়সওয়াল।

Advertisement
সম্পর্কিত সংবাদ