সংবাদদাতা, ডোমকল: পুলিসের নজর এড়িয়ে বাড়ির উঠোনেই চলছিল গাঁজার চাষ। বাড়ির ঘেরাটোপে বড় হচ্ছিল গাঁজা গাছ। খবর পেয়েই বাড়িতে হানা দিয়ে গাঁজাগাছ নষ্ট করল জলঙ্গি থানার পুলিস। মঙ্গলবার দুপুরে জলঙ্গির ঘোষপাড়ায় অভিযান চালিয়ে একাধিক বাড়িতে চাষ করা গাঁজাগাছ নষ্ট করেছে পুলিস। জানা গিয়েছে, গাঁজার চাষ রুখতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে। থানা এলাকার বিভিন্ন গ্রামের জমিতে গাঁজাগাছ দেখতে পেলেই সেগুলি কেটে পুড়িয়ে দেওয়া হচ্ছে। চলছে ধরপাকড়ও। আর তাতেই পুলিসি ঝক্কি এড়াতে পুরোনো উপায় বদলে বাড়িতেই গাঁজা চাষ শুরু করেছিল কারবারিরা।



