Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ের পাঁচদিনের মাথায় ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের

বিয়ের পাঁচদিনের মাথায় ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বিয়ের পাঁচদিনের মাথায় যুবকের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শান্তিপুরের বাথনায়। মৃতের নাম বিক্রম বিশ্বাস (২৫)। বাড়ির দোতলার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ‘বিশেষ’ শারীরিক অক্ষমতার কারণে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যেই যুবক আত্মঘাতী হতে পারেন বলে ইঙ্গিত পরিবারের। 
Advertisement
পুলিস এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বিক্রম শান্তিপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ পাড়ার বাসিন্দা। বছর কয়েক আগে প্রথম বিয়ে হয় তাঁর। কিন্তু সেই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি তিনি ফের বিয়ে করার সিদ্ধান্ত নেন। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার এক যুবতীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন তিনি, অতঃপর বিয়ে হয়। বৃহস্পতিবার বিয়ের পাঁচদিনের মাথায় স্ত্রীকে নিয়ে শান্তিপুরের বাথনায় দিদি-জামাইবাবুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বিক্রম। রাতে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করেন সেই বাড়িতে। এরপর রাতে বাড়ির দোতলার ঘরে ঘুমোতে যায় বিক্রম। সকালে ঘুম থেকে উঠে নীচে এসে সকালের সঙ্গে চা-বিস্কুট খেয়ে ফের দোতলার ঘরে চলে যান। পরে সেই ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। তাঁরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। 
যুবকের জামাইবাবু স্বপন বিশ্বাস বলেন, শ্যালকের কিছু শারীরিক সমস্যা ছিল। সেটা আমাদের কাছে আগে প্রকাশ করেনি। দ্বিতীয় স্ত্রী বিয়ের পর সেটি বুঝতে পারে। তখন আমরা জানতে পেরে চিকিৎসার ব্যবস্থাও করেছি। শুক্রবার সকালেই বিক্রমকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই বিষয়টি নিয়ে মানসিক অবসাদে ডুবে যায় বিক্রম। আমাদের মনে হয়, সেই অবসাদেই আত্মঘাতী হয়ে থাকতে পারে সে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিস।
সম্পর্কিত সংবাদ