সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নদীর জল কমতেই তলিয়ে যাওয়া বাড়ি ‘জেগে’ উঠেছিল। সেই বাড়ি থেকে ইট খুলে আনতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল বৃদ্ধার। রবিবার সকালে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ফুলহার নদীর তীরবর্তী রশিদপুর গ্রামের ঘটনা। মৃতার নাম ফুলকি বিবি (৬০)। বাড়ি রশিদপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। দেহ ময়নাতদন্তে পাঠাতে চাইলে মৃতার পরিবার ও স্থানীয়রা পুলিসকে বাধা দেয় বলে অভিযোগ। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিস।
Advertisement
এবছর ফুলহার নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়েছিলেন ফুলকি বিবি। নদীর জলে ডুবে গিয়েছিল তাঁর বাড়ি। স্বামী, পুত্রদের নিয়ে রশিদপুর প্রাইমারি স্কুলে বেশ কিছুদিন ছিলেন। এরপর আশ্রয় নেন অন্যের বাড়িতে। রবিবার সকালে নদীর ধারে তলিয়ে যাওয়া বাড়ির কিছুটা অংশ দেখা দিতেই সেখান থেকে ইট খুলে নিয়ে আসার চেষ্টা করেন ফুলকি। কিন্তু সেই ইট খুলে আনতে গিয়েই ফুলহারে ডুবে মৃত্যু হল তাঁর। মৃতার স্বামী বালকা শেখ বলেন, ছয় মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার আমার। দিনমজুর করে সংসার চালাই। নদী ভাঙনে বাড়িটি তলিয়ে যায়। চারমাস ধরে অন্যের বাড়িতে রয়েছি। বাড়ির ইট খুলতে গিয়ে নদীর গ্রাসে স্ত্রীকেও হারালাম।



