সংবাদদাতা, জঙ্গিপুর: বিয়ের ছ’মাসের মধ্যে এক বধূর অস্বাভাবিক মৃত্যু হল। বুধবার দুপুরে সাগরদিঘি থানার বহ্নেশ্বর গ্রামে ঘর থেকে ওই বধূর দেহ উদ্ধার করে পুলিস। মৃতার নাম সুস্মিতা দাস(১৯)। তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে শ্বশুরবাড়ির লোকজনের দাবি। সাগরদিঘি থানার পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়। তার রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারেই সুস্মিতার এই পরিণতি হয়েছে। ওই বধূর শ্বশুর তাঁকে কুনজরে দেখত বলে তাঁরা অভিযোগ তুলেছেন। মৃতার পরিবারের তরফে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে সাগরদিঘি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রামপুরহাট থানার চকপাড়ার বাসিন্দা সুস্মিতা দাসের সঙ্গে ছ’মাস আগে সাগরদিঘি থানার বহ্নেশ্বর গ্রামের রাকেশ দাসের সম্বন্ধ করে বিয়ে হয়। মৃতার বাপের বাড়ির অভিযোগ, সুস্মিতার উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হতো। বধূর শ্বশুর তাঁকে খারাপ নজরে দেখত। তিনি বিষয়টি বাপের বাড়িতে জানানোর পাশাপাশি স্বামীকেও একাধিকবার জানান। তবু কোনও লাভ হয়নি। ওই বধূর স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। সপ্তাহখানেক আগে তিনি আসানসোলে কাজে গিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুসংবাদ পেয়ে বাড়িতে ফিরলেও তিনি ময়নাতদন্তের সময় জঙ্গিপুর মর্গে আসেননি।
Advertisement
মৃতার দাদু মৃত্যুঞ্জয় দাস বলেন, মৃত্যুর খবরটা পর্যন্ত ওরা দেয়নি। গ্রামবাসীরা ফোনে আমাদের খবর দেয়। আমরা গিয়ে দেখি, নাতনির দেহ মেঝেতে পড়ে আছে। ওরা কোনও ব্যবস্থা করেনি। পুলিস তদন্ত করে দোষীদের শাস্তি দিক। সূতিতে দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু: সূতিতে দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত মুস্তাকিম শেখ(৬৫) সূতি থানার সুলতানপুরের বাসিন্দা ছিলেন। বুধবার সকালে সূতির ১২ নম্বর জাতীয় সড়কে টাইগার মোড়ের কাছে একটি বাইক তাঁর সাইকেলে ধাক্কা মারে। ওই বৃদ্ধ জাতীয় সড়কে ছিটকে পড়েন। এদিন সন্ধ্যায় রঘুনাথগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।



