Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোর কমিটির বৈঠকের গেট আটকে রেখেছে বাউন্সার! তুমুল ধস্তাধস্তির জেরে জোর বিতর্ক

পরনে কালো সাফারি। হাফ শার্টের আড়াল থেকে উকি দিচ্ছে সুঠাম দেহ। কোন বলিউড, টলিউড তারকা এলে দেখা মেলে এই বাউন্সারদের।

কোর কমিটির বৈঠকের গেট আটকে রেখেছে বাউন্সার! তুমুল ধস্তাধস্তির জেরে জোর বিতর্ক
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পরনে কালো সাফারি। হাফ শার্টের আড়াল থেকে উকি দিচ্ছে সুঠাম দেহ। কোন বলিউড, টলিউড তারকা এলে দেখা মেলে এই বাউন্সারদের। কিন্তু, এখন শিল্পাঞ্চলে বিভিন্ন বিত্তশালীর পারিবারিক অনুষ্ঠানেও তাঁদের দেখা মিলছে। এবার বাউন্সার দিয়ে সেই পেশি শক্তির আস্ফালন দেখা গেল রাজনৈতিক ময়দানে। শ্রমিকদের বোনাস বৃদ্ধি নিয়ে দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি দেশবন্ধু ভবনে একটি বৈঠকের আয়োজন করে। শুক্রবার রাতে ওই বৈঠকেই গেট আগলে থাকতে দেখা যায় বাউন্সারদের। সেখানে ডিএসপির শ্রমিক নেতাদের একাংশকে বাউন্সাররা ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ, যা নিয়ে তুমুল বচসা শুরু হয়।  দু’পক্ষের দ্বন্দ্বে ভেস্তে যায় ওই বৈঠক। 

Advertisement

আইএনটিটিইউসি অনুমোদিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, এটা লজ্জাজনক ঘটনা। বাউন্সার দিয়ে আমাদের বৈঠকে ঢুকতে বাধা দেওয়া হয়। স্থায়ী শ্রমিকদের বোনাস বৃদ্ধি নিয়ে আলোচনা হল, অথচ আমরাই জানতে পারলাম না। বহিরাগত ও অস্থায়ী শ্রমিকদের নিয়ে বৈঠক করা হচ্ছিল। তারই প্রতিবাদ করেছেন স্থায়ী শ্রমিকরা। 
ওইদিন রাতে আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য মানস অধিকারিক বলেন, অভিযোগ ভিত্তিহীন। সব ডেলিগেটকেই আগাম নোটিস করে ডাকা হয়েছিল। যদিও বাউন্সার নিয়ে বিতর্ক বাড়তেই এদিন মুখে কুলুপ এঁটেছেন কোর কমিটির সদস্যরা। এদিন মানসবাবুকে ফোন করা হলে তিনি বলেন, আমি কিছু বলব না।
দুর্গাপুরের শ্রমিক সংগঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনার অন্ত নেই। কখনও এই শহর দেখেছে অপূর্ব মুখোপাধ্যায়-বিশ্বনাথ পাড়িয়ালের দ্বন্দ্ব। তার পরবর্তীকালে জেলা সভাপতি অভিজিৎ ঘটক নিজের অনুগামীদের সামনে রেখে সংগঠন চালিয়েছেন। সেখানে আবার খোদ মুখ্যমন্ত্রী একাধিক অভিযোগের কথা বলে দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গড়ে দেন। যাঁর চেয়ারম্যান করা হয় সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তারপরও বিতর্ক থামছে না। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, গোলমালের আশঙ্কায় অপর গোষ্ঠীকে ঠেকাতে বাউন্সার দিয়ে শক্তি প্রদর্শন করতে চেয়েছিল দুর্গাপুরে আইএনটিটিইউসি কোর কমিটি। কোর কমিটির চেয়ারম্যান ঋতব্রতবাবু বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। 
বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, শাসক দলের এমন অবস্থা নিজের কর্মীদের সঙ্গে মিটিং করতে বাউন্সার রাখতে হচ্ছে। আর শ্রমিকদের বোনাস বৃদ্ধির আলোচনা তো ম্যানেজমেন্টের সঙ্গে হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ