Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নিকাশি নালায় নিষিদ্ধ কাফ সিরাপের বোতল, জল জমে সমস্যা বেড়াচাঁপায়

নিকাশি নালা সাধারণত অবরুদ্ধ হয় পলি বা প্লাস্টিকে। কিন্তু দেগঙ্গার বেড়াচাঁপা বাজারে নিকাশি নালা অবরুদ্ধ নিষিদ্ধ কাপ সিরাপের বোতলে।

নিকাশি নালায় নিষিদ্ধ কাফ সিরাপের বোতল, জল জমে সমস্যা বেড়াচাঁপায়
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নিকাশি নালা সাধারণত অবরুদ্ধ হয় পলি বা প্লাস্টিকে। কিন্তু দেগঙ্গার বেড়াচাঁপা বাজারে নিকাশি নালা অবরুদ্ধ নিষিদ্ধ কাপ সিরাপের বোতলে। শয়ে শয়ে বোতল পড়ে গুরুত্বপূর্ণ নালা বন্ধ। চূড়ান্ত ভোগান্তি মানুষের। 

Advertisement

সোমবার সকালে এই ঘটনা সামনে আসে। এই এলাকার নিকাশি সমস্যা দীর্ঘদিনের। বেড়াচাঁপা বাজারের টাকি রোডে দীর্ঘদিন ধরেই নিকাশি নালা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জল জমে দোকানে ঢুকে যায়। ভারী বৃষ্টি হলে রাতে দোকান থেকে জিনিপত্র বের করতে বাড়ি থেকে ছুটে আসতে হয় ব্যবসায়ীদের। এ কারণে ক্ষুব্ধ হয়ে ছিলেন সবাই। অবশেষে সোমবার ব্লক প্রশাসন নালা সাফ করার কাজ করে। তা করতে গিয়ে চোখ কপালে। নালাতে নামার পর কর্মীরা নিষিদ্ধ কাপ সিরাপের কয়েকশো খালি বোতল পড়ে থাকতে দেখেন। সঙ্গে পড়েছিল মাটির ভাঁড়ও। 
এত সংখ্যক বোতল কিভাবে এল তা নিয়েই চিন্তা বেড়েছে। বাসিন্দাদের বক্তব্য, দেগঙ্গায় গাঁজা, হেরোইন ব্যবসা চলে। এবার নতুন সংযোজন হল কাফ সিরাপ। পুলিসের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। সাফাইকর্মীদের সুপারভাইজার আখতারুল মোল্লা বলেন, ‘ব্যবসায়ীরাও বিভিন্ন জিনিসপত্র নর্দমায় ফেলেন। বারবার নিষেধ করা সত্ত্বেও এ কাজ বন্ধ করেননি তাঁরা। এদিন নিষিদ্ধ সিরাপের খালি বোতলও পাওয়া গিয়েছে।’ বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যর স্বামী গোপাল সরকার বলেন, ‘খালি বোতল কিভাবে এল বুঝতে পারছি না। আশপাশে সিরাপের নেশা করে নর্দমাতে ফেলেছে বলে মনে হচ্ছে।’ পুলিসের এক আধিকারিক বলেন, এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ