বুথ সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন, চাঞ্চল্য
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৭
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: আজ, রবিবার সন্ধ্যায় বোলপুর শহরে বিজেপির এক বুথ সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম চন্দন ভল্লা। তিনি বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের ২০১ নম্বর বুথের বিজেপি সভাপতি বলে জানা গিয়েছে। ত্রিশূলাপট্টি এলাকায় তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চন্দনবাবুর ছেলে শুভকান্তি বলেন, রাজনৈতিক কারণেই এই হামলা। বাবার সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, এদিন মৃত বিজেপি কর্মীকে দেখতে বোলপুর মহকুমা হাসপাতালে যান দলীয় নেতা দিলীপ ঘোষ। 

Advertisement

বোলপুরে বিজেপির বুথ সভাপতিকে গুলি করে খুনের পরই ত্রিশূলাপট্টি এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ। তিনি বলেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এখানে একটি ঘটনা ঘটেছে। চন্দন ভল্লা নামে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। ঘটনায় এফআইআর রুজু করে তদন্ত শুরু হয়েছে। তদন্তে যে তথ্য উঠে আসবে তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে খুনের মোটিভ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। ঘটনাস্থলে ফরেনসিক দল এবং পুলিশ কুকুর নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। বোলপুর মহকুমা হাসপাতালে মৃত চন্দন ভল্লার পরিবারের সঙ্গে কথা বলতে আসেন জেলা পুলিশ সুপার ভিদিত, বোলপুরের এসডিপিও অর্পিত আর পারখ-সহ পুলিশের একটি দল।