Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে জেলা বইমেলায় এক কোটি টাকার বই বিক্রি

সাতদিনের বীরভূম জেলা বইমেলায় এবার প্রায় এক কোটি টাকার বই বিক্রি হল।

সিউড়িতে জেলা বইমেলায় এক কোটি টাকার বই বিক্রি
  • ২২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, সিউড়ি: সাতদিনের বীরভূম জেলা বইমেলায় এবার প্রায় এক কোটি টাকার বই বিক্রি হল। গত বছরের তুলনায় এবছর প্রায় ১৩ লক্ষ টাকার বেশি বইয়ের বিক্রি হয়েছে। মেলায় শিশুদের ও ইংরাজি বইয়ের স্টলে ভালো ভিড় হওয়ায় খুশি উদ্যোক্তারা।

Advertisement

জেলা গ্রন্থাগার দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর জেলার একটি করে মহকুমা শহরে বইমেলা আয়োজিত হয়। সেই হিসেবে ২০২৩ সালে শেষবার সিউড়িতে জেলা বইমেলা হয়েছিল। এরপর ২০২৪সালে বইমেলা হয়েছিল রামপুরহাটে এবং গতবছর হয়েছে বোলপুরে। এবছর সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে মেলার আয়োজন করা হয়। গত ১৪জানুয়ারি থেকে শুরু হয়ে মঙ্গলবার অর্থাৎ ২০জানুয়ারি পর্যন্ত বইমেলা চলেছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর বইমেলায় মোট ৯৮লক্ষ ৭০হাজার টাকার বই বিক্রি হয়েছে। জেলা গ্রন্থাগার দপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারের পক্ষ থেকে জেলার প্রতিটি সরকারি লাইব্রেরিকে বইমেলায় বই কেনার জন্য টাকা বরাদ্দ করা হয়। এই জেলায় মোট ১২৩টি গ্রন্থাগার রয়েছে। তারমধ্যে ১১২টি গ্রামীণ গ্রন্থাগার, ১০টি শহরের গ্রন্থাগার এবং একটি জেলা গ্রন্থাগার রয়েছে।

দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর গ্রামীণ গ্রন্থাগারের জন্য ১৮হাজার টাকা, শহরের গ্রন্থাগারের জন্য ২৫হাজার ও জেলা গ্রন্থাগারের জন্য ৪৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। সেইমতো গ্রন্থাগারগুলি মোট ২৪লক্ষ ৩১হাজার টাকার বই কিনেছে। জানা গিয়েছে, এবার বইমেলায় প্রায় ৯০টি স্টল করা হয়েছিল। তবে, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মেলামুখী করার জন্য আটটি ইংরেজি বইয়ের স্টল করা হয়েছিল। এছাড়া, শিশুদের জন্য চারটি পৃথক স্টল ছিল। আয়োজকরা জানান, এইসব স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বাকি বইয়ের স্টলগুলিতে ভালো ভিড় হয়েছিল। আয়োজকরা জানান, এবছর বইমেলায় বিভিন্ন স্কুলের পক্ষ থেকে পড়ুয়াদের ঘুরতে নিয়ে আসা হয়েছিল। যা বর্তমান প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে খুবই ভালো উদ্যোগ। জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক সুদীপ মণ্ডল বলেন, এবছর বইমেলায় ভালো বিকিকিনি হয়েছে। মানুষের ভিড় আমাদের খুবই অনুপ্রাণিত করেছে।

সম্পর্কিত সংবাদ