বই-তাণ্ডব অব্যাহত, ফের উত্তপ্ত কলেজ স্ট্রিট, বোমা ছোড়ায় অভিযুক্তদের আড়াল, এসএফআইকে পুলিশের লাঠি
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বই নিয়ে বিবাদ। আর বিবাদ থেকে বইপাড়ায় তাণ্ডব। সবই অব্যাহত রইল বৃহস্পতিবার। বুধবার বই বিপণিতে বোমা ছোড়ার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখেছে বৃষ্টিভেজা কলেজ স্ট্রিট। কারণ, বুকস্টলে চকোলেট বোমা ছোড়ার পরও গ্রেপ্তারির সংখ্যা শূন্য। সেই চাপা উত্তেজনার রেশ টেনেই বিকালের দিকে শান্তিপূর্ণ বিক্ষোভ আচমকা রণক্ষেত্রের চেহারা নেয়। এসএফআইয়ের অভিযোগ, বোমা যারা মেরেছিল, তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই রয়েছে। তাদের দেখেই পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় এসএফআই নেতৃত্বের। পরিস্থিতি উত্তপ্ত হতে এসএফআই কর্মীদের ছত্রভঙ্গ করতে আসরে নামে পুলিশ। হয় লাঠিচার্জও। সঙ্গে বাম কর্মী-সমর্থকদের উদ্দেশে ছিল পুলিশের বাছাবাছা শব্দবন্ধ। নিমেষের মধ্যেই কলেজ স্ট্রিট আরও একবার উত্তপ্ত হয়ে ওঠে।

Advertisement

সকাল থেকে অঝোরে বৃষ্টি। ফলত, বৃহস্পতিবার সকালে কলেজ স্ট্রিটে বই নিয়ে বসতে পারেনি এসএফআই। বই বিপণির স্থানে দাঁড়িয়ে ছিল পেল্লাই প্রিজন ভ্যান। দুপুরের দিকে বুধবারের ঘটনার প্রতিবাদে কলেজ স্ট্রিটে মিছিল করে ডিএসও। সেই কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়। পরে বিকালের দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে বিক্ষোভ দেখায় এসএফআই। বৃষ্টির জন্য বই বিপণি বন্ধ হলে তারা বিকল্প ব্যবস্থা করে। একটি কিউআর কোড দিয়ে বলা হয়, সেখানে স্ক্যান করে বইয়ের তালিকা দেখে অর্ডার করলেই তা বাড়িতে পৌঁছে যাবে। বুধবার বই বিপণিতে বোমা নিক্ষেপের পর এসএফআই জোড়াসাঁকো থানা ঘেরাও করে অভিযোগপত্র জমা দিয়েছিল।
এদিন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘পুলিশ কিছুতেই অভিযোগ জমা নিতে চাইছিল না। প্রায় ঘণ্টা খানেকের কথা কাটাকাটির পর রাজি হয়। আজ বুঝতে পারলাম, কেন নিতে চাইছিল না। যারা বোমা মেরেছিল, তাদেরকেই পুলিশ আড়াল করেছে। অথচ, মঙ্গলবার আমরা বই নিয়ে রাস্তায় বসেছিলাম বলে ৪১ জনকে আটক করেছিল।’ দেবাঞ্জনের আরও দাবি, ‘আটকদের মধ্যে ৩০ জন ছাত্র ও ১১ জন ছাত্রী ছিলেন। এখন শুনছি, সকলের নামে আলাদা করে মামলা করা হয়েছে। আজ দেখলাম, বোম মারা এবিভিপিকে আড়াল করতে গিয়ে পুলিশ আমাদের উপরই লাঠি চালাল। অকথ্য ভাষায় আক্রমণ করল। মহিলাদের উপর হামলা করল পুরুষ পুলিশরা। এটাই এখন এই সরকারের সংস্কৃতি হয়ে গিয়েছে।’ 
এদিন কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে এবিভিপির অরুণাভ দত্ত নামে এক নেতা দাবি করেন, তাঁর উপর এসএফআই চড়াও হয়েছিল। তাঁর অভিযোগ, ‘আমি এখানে শুধু চা খেতে এসেছিলাম। কলেজ স্ট্রিটে আমার কিছু হলে দায়ী থাকবে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন। আমি নিরাপত্তার অভাব বোধ করছি।’ এসএফআইয়ের অভিযোগ, এই নেতাই বুধবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। বইয়ের উপর আক্রমণের প্রতিবাদ জানাতে কলেজ স্ট্রিটে এদিন উপস্থিত হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রতিবাদ জানিয়েছেন সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিত্ মজুমদার। এই ইস্যুকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠনগুলি যৌথ কর্মসূচিরও ডাক দিয়েছে। আগামী শনিবার বেলা ১টায় হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত ‘বই মিছিল’ ডাকা হয়েছে। সেখানে সকল বইপ্রেমী মানুষদের আহ্বান জানিয়েছেন বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরা।