Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর আগেই বাড়ি বাড়ি পানীয় জল নতুন ‘ডেডলাইন’ বনগাঁ পুরসভার!

ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটি ‘ডেডলাইন’। আজও বনগাঁ পুরসভা এলাকায় বাড়ি বাড়ি পৌঁছয়নি পানীয় জল। বাড়ি বাড়ি পানীয় জল কবে পাওয়া যাবে, সেই প্রশ্ন তুলে এখন সোচ্চার হয়েছেন বনগাঁবাসী।

পুজোর আগেই বাড়ি বাড়ি পানীয় জল নতুন ‘ডেডলাইন’ বনগাঁ পুরসভার!
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটি ‘ডেডলাইন’। আজও বনগাঁ পুরসভা এলাকায় বাড়ি বাড়ি পৌঁছয়নি পানীয় জল। বাড়ি বাড়ি পানীয় জল কবে পাওয়া যাবে, সেই প্রশ্ন তুলে এখন সোচ্চার হয়েছেন বনগাঁবাসী। এমন অবস্থায় বনগাঁবাসীর জন্য আরও একটি ‘ডেডলাইন’ ঘোষণা করল পুরসভা। তারা জানিয়েছে, দুর্গাপুজোর আগেই বনগাঁ শহরের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে পরিস্রুত পানীয় জল।

Advertisement

২০১৭ সালে অম্রুত প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয় বনগাঁয়। প্রকল্পের জন্য অর্থও বরাদ্দ হয়। কেন্দ্র, রাজ্য ও পুরসভার নিজস্ব তহবিলের অর্থে প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। কিন্তু তারপরে কয়েক বছর পেরিয়ে গেলেও পরিস্রুত পানীয় জল পাননি বাসিন্দারা। বনগাঁবাসী অনেকেরই দাবি, একাধিকবার জল প্রকল্পের উদ্বোধন হয়েছে। বেশ কয়েকটি ‘ডেডলাইন’ পেরিয়ে গিয়েছে। তবুও মেলেনি পানীয় জল।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, গঙ্গার জল এনে তা পরিস্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এটি সময় সাপেক্ষ বিষয়। ইতিমধ্যে শহরের প্রায় ৩২ হাজার বাড়িতে পাইপ লাইনের সংযোগ দেওয়া হয়েছে। পাইপ লাইনের কাজ প্রায় শেষের মুখে। এবিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে জোরকদমে কাজ চলছে। বনগাঁ আপনজনের মাঠে জলশোধন কেন্দ্র গড়ে উঠেছে। আশা করা যায় পুজোর আগেই পানীয় জল পাবেন বাসিন্দারা। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে শহরের পাঁচ জায়গায় তৈরি হয়েছে পাঁচটি রিজার্ভার। পরিস্রুত পানীয় জল দ্রুত বাসিন্দাদের বাড়িতে পৌঁছে দেওয়ার দাবি জানিয়ে নভেম্বর মাসে পুরসভায় ডেপুটেশন দিয়েছিল সিপিএম। সিপিএম নেতা সমিত কর বলেন, আমরা চাই দ্রুত বাড়ি বাড়ি পৌঁছে যাক পানীয় জল। 
কংগ্রেস নেতা কৃষ্ণপদ চন্দ বলেন, পানীয় জল মানুষের অধিকার। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিক পুরসভা। এদিকে ’২৬ সালে রাজ্যে ক্ষমতায় এলে একমাসের মধ্যে বনগাঁবাসীর বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, তৃণমূল শুধু প্রতিশ্রুতি দেবে। আমরা ২৬ সালে ক্ষমতায় এসে সরকার গঠনের এক মাসের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেব। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ