জার্মানি- ০ : স্পেন- ১
(বোনমাতি)
জার্মানি- ০ : স্পেন- ১
(বোনমাতি)
জুরিখ: টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগেও তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। ভাইরাল মেনিনজাইটিসের কারণে মহিলাদের ইউরো কাপে একটা সময় অনিশ্চিত হয়ে পড়েন স্পেনের আইতানা বোনমাতি। সুস্থ হয়ে মাঠে ফিরলেও, সেভাবে ছন্দে পাওয়া যায়নি দু’বার ব্যালন ডি’ওর জয়ী মহিলা ফুটবলারটিকে। তবে বুধবার ইউরোর সেমি-ফাইনালে মোক্ষম সময়ে জ্বলে উঠলেন ২৭ বছর বয়সি এই মিডিও। ম্যাচের অতিরিক্ত সময়ে তাঁর করা একমাত্র গোলে জার্মানিকে হারাল স্পেন। ফাইনালে পৌঁছল ২০২৩’এর বিশ্বচ্যাম্পিয়নরা। খেতাবি লড়াইয়ে বোনমাতিদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
বুধবারের আগে জার্মানির বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে শেষ আটবারই হারতে হয়েছিল স্পেনকে। তাই শেষ চারের লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে থেকে মাঠে নেমেছিল তারা। নির্ধারিত সময়ে দু’দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১১৩ মিনিটে ডেডলক খোলেন বোনমাতি। ছ’ম্যাচ পর স্কোরশিটে নাম তুললেন তিনি। দলকে ফাইনালে তুলে উচ্ছ্বসিত বার্সার এই মহিলা ফুটবলার। বলেন, ‘গত কয়েকটি ম্যাচে মোটেই ছন্দে ছিলাম না। অসুস্থতার কারণে কিছুটা অস্বস্তি ছিল। তবে জার্মানির বিরুদ্ধে সেরাটা মেলে ধরতে মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত আমার গোলে দল জিতেছে। ফাইনালেও এই ছন্দ দরে রাখতে চাই।’