হায়দরাবাদ, ৮ জুলাই: আচমকাই গোটা শহরজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ স্থলে বোমাতঙ্ক। আজ, মঙ্গলবার সেই বোমাতঙ্কের জেরে বিপাকে পড়তে হল পুলিসকে। যদিও পুরোটাই ভুয়ো বলে পরবর্তীতে জানা গিয়েছে। এদিন সকাল থেকেই হায়দরাবাদে এমনই ভুয়ো বোমাতঙ্কের জন্য ছুটোছুটি করতে হয় পুলিসকে। সিটি সিভিল কোর্ট, রাজভবন, জিমখানা ক্লাব ও সেকেন্দ্রাবাদ সিভিল কোর্টের মতো জায়গায় বোমা রাখা রয়েছে বলে এদিন ইমেইল যায় পুলিসের কাছে।
তার মধ্যে ওই ইমেলে হুমকির সুরে বলা হয়, সিটি সিভিল কোর্টে আইইডি রাখা হয়েছে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ হবে। এই হুমকি মেইল পাওয়ার পর নড়েচড়ে বসে পুলিস। তৎক্ষণাৎ শুরু হয় তল্লাশি। চারটি জায়গাতেই বোম্ব স্কোয়াড ও স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালায় হায়দরাবাদ পুলিস। যদিও কোথাও কিছুই পাওয়া যায়নি। গোটা রাজভবনে তল্লাশি চালিয়েও বোমা পাওয়া যায়নি। পুলিস তখনই বুঝতে পারে ওই ইমেইল টি ভুয়ো। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও বোমাতঙ্কের খবরে সিটি সিভিল কোর্টে হুড়োহুড়ি পড়ে যায়। বিচারপতি, আইনজীবী ও সাধারণ মানুষ আদালত চত্বর ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। সমস্ত কাজ বন্ধ হয়ে যায়।