নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের সাগরপাড়ায় একটি বাড়িতে বোমা ফেটে বিপত্তি। রবিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল সাগরপাড়ার পুরাতন ডিগ্রি এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এলাকায় চলতে থাকা দীর্ঘদিনের বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। বোমা ছুড়ে মারা হয়েছে নাকি মজুত বোমা ফেটেছে, তদন্ত চলছে।
ওই ঘটনায় বাড়ির মালিক গোলাম গাউস মণ্ডলকে আটক করে নিয়ে যায় সাগরপাড়া থানা পুলিস। থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের বক্তব্যও নথিভুক্ত করছে পুলিস। যে বাড়িতেই বিস্ফোরণ ঘটেছে সেই বাড়ির সদস্যদের দাবি, বোমা ছোড়া হয়েছে বাইরে থেকে। যে ঘরে বোমা ছোড়া হয়েছে সেই ঘরে ভাগ্যক্রমে তখন কেউ ছিল না। সম্প্রতি ওই গ্রামে একাধিক সিসি ক্যামেরা বসিয়েছিল পুলিস। সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিস মোতায়েন করা হয়েছে।