শুভ্র চট্টোপাধ্যায় , কলকাতা: গার্ডেনরিচ থেকে সোজা মরুশহর দুবাইতে! ঝাঁ চকচকে লাইফস্টাইল। একঝাঁক ফ্ল্যাট, ডুপ্লে আর ভিলার মালিকানা। সোনা-হিরেতে মোড়া শরীর। গ্যারেজে বিলাসবহুল একাধিক গাড়ি। পেশা বলতে দুবাইয়ের রিয়েল এস্টেটে বিনিয়োগ! সম্প্রতি নাম জড়িয়েছিল ক্রিকেট বেটিং অ্যাপের কারবারেও। ফেব্রুয়ারি মাসে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়ামের দর্শক আসনে বলিউডের এক আইটেম গার্লের সঙ্গেও দেখা গিয়েছিল তাকে। তিনি নাকি সেই নায়িকার প্রেমিক, সেই কানাঘুষোও শোনা যাচ্ছিল। এহেন ‘কীর্তিমান’কে দীর্ঘদিন ধরে খুঁজছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। লুকআউট নোটিশও জারি হয় তার বিরুদ্ধে। শেষপর্যন্ত বাবার শরীর খারাপের খবর পেয়ে দুবাই থেকে ফেরার সিদ্ধান্তই ধরিয়ে দিল সেই কুখ্যাত অপরাধীকে। কলকাতা বিমানবন্দরে নামা মাত্রই তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ধৃতের নাম ইমরান কুরেশি ওরফে স্যাঙ্কি ওয়াটসন। বেআইনি ‘কলসেন্টার’ প্রতারণা চক্রের ‘কিংপিন’!



