সংবাদদাতা, চাঁচল: চাঁচলের নদীসিক এলাকায় পাটখেত থেকে বস্তাবন্দি কঙ্কালসার দেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়াল। ঘটনার জেরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এলাকার বাসিন্দা কৃষক সায়েদ আলি নিজের পাটখেতে কাজ করতে গিয়ে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। কিছুদূরে একটি শিয়াল সেই বস্তাটি টেনে বের করার চেষ্টা করে। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় তিনি আরও কিছু লোক ডেকে আনেন। খবর দেওয়া হয় পুলিসকে।
বস্তা খুলতেই দেখা যায়, ভিতরে মানুষের কঙ্কালসার দেহ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা ও চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু। পুলিস আধিকারিকরা ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেন। সোমনাথ বলেন, কঙ্কালসার দেহটি প্রায় দু’মাস পুরনো হতে পারে। পাশ থেকে একটি বালা উদ্ধার হয়েছে। তবে পুরুষ না মহিলা, তা স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দা দুর্গা মণ্ডল ও আশরফি বিবির সন্দেহ, এটি কোনও মহিলার দেহ হতে পারে। ঘটনায় আমরা আতঙ্কিত।
এদিকে জমির মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, প্রায় দুই মাস আগে তিনি শেষবার জমিতে জঙ্গল সাফাইয়ের কাজ করতে এসেছিলেন। তারপর তিনি আর সেখানে যাননি। কয়েক সপ্তাহ পর পাট কাটার কাজ শুরু হবে। তাই এদিন জমি দেখতে আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেহটি যেখানে পাওয়া গিয়েছে, সেটি জনবসতি থেকে প্রায় সাতশো মিটার ও গ্রামীণ রাস্তা থেকে প্রায় দু’শো মিটার দূরে। এলাকাটি নির্জন ও ফাঁকা। রাতে যানবাহনের তেমন চলাচল হয় না। সেই সুযোগে কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে বলে স্থানীয়দের সন্দেহ। পুলিসের তরফে স্থানীয়দের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। ঘটনাস্থলে তদন্তে পুলিস।-নিজস্ব চিত্র