Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

জাহাঙ্গিরের সঙ্গী তৃণমূল নেতার দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেপ্তার ৪

ফলতার নিখোঁজ তৃণমূল নেতার দেহ উদ্ধার হল নামখানায়। নাম বুদ্ধ মণ্ডল (৫১)। খুনে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

জাহাঙ্গিরের সঙ্গী তৃণমূল নেতার দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেপ্তার ৪
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: ফলতার নিখোঁজ তৃণমূল নেতার দেহ উদ্ধার হল নামখানায়। নাম বুদ্ধ মণ্ডল (৫১)। খুনে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানোর অভিযোগ ছিল। বেশ কিছু দিন বাড়ি ছাড়া ছিলেন বুদ্ধ। 

Advertisement

মঙ্গলবার ফলতায় কর্মস্থলে এসে নিখোঁজ হয়ে যান সেচদপ্তরের অস্থায়ী কর্মী ভাদুড়ার তৃণমূল অঞ্চল সভাপতি বুদ্ধ মণ্ডল। পরিবারের অভিযোগ পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ বুদ্ধ ঘনিষ্ঠ চারজনকে গ্রেপ্তার করে। জেরায় ধৃতেরা স্বীকার করে, বুদ্ধকে মোটরবাইকে করে তুলে নিয়ে গিয়েছিল তারা। সংশ্লিষ্টদের কথার সূত্র ধরেই বুধবার সন্ধ্যায় নামখানার পাতিবুনিয়া গ্রামের কলাবাগানের ভিতর ঝিল এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। 
বৃহস্পতিবার দুপুরে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল মর্গে জানা যায় দেহটি বুদ্ধ মণ্ডলের। দেহ শনাক্ত করেন স্ত্রী প্রিয়াঙ্কা মণ্ডল ও ভাই সন্দীপন মণ্ডল। সন্দীপনবাবু বলেন, প্রশাসনের কাছে অনুরোধ, এর সঙ্গে যারা জড়িত তাদের যেন কঠোর সাজা দেওয়া হয়। ডায়মন্ডহারবার পুলিশ জেলার পক্ষ থেকে এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কর্তারা। 
প্রাথমিকভাবে মৃতদেহের শরীরের বাইরে বড়ো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। শুধু চোখের কাছে ফোলা ও গালে আঁচড়ের দাগ ছিল। সন্দেহ করা হচ্ছে শ্বাস রোধের ফলেই মৃত্যু হয়েছে। যদিও পুলিশের একটি সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কীভাবে খুন হল তা স্পষ্ট বলা যাবে না। অন্যদিকে, মৃতদেহ শনাক্ত হওয়ার পর রাতে পরিবারের কথা অনুসারে পুলিশ খুনের কেস রুজু করেছে। ধৃতদের পুলিশ হেপাজতে এনে জেরা চলছে। 
মৃত বুদ্ধ মণ্ডলের বাড়ি রামনগর থানার বড়দা গ্রামে। ফলতার একদা ত্রাস জাহাঙ্গিরের জমানায় বুদ্ধ ভাদুড়া অঞ্চলের তৃণমূল সভাপতি পদে ছিলেন। ভাদুড়াতে যে তৃণমূলের দলীয় কার্যালয় ছিল সেখানে নিয়মিত বসতেন বুদ্ধ মণ্ডল। অভিযোগ, ওই সময় এলাকায় জাহাঙ্গিরের নির্দেশে জমি কেনা বেচা, মাটির কারবার থেকে শুরু করে বাড়ি নির্মাণ হলে মোটা টাকা তোলা দিতে হত। সেই তোলা আদায়ের টিমের অন্যতম সদস্য ছিলেন বুদ্ধ সহ আরও কয়েকজন। এই টিমের ত্রাসে আমজনতার নাভিশ্বাস উঠেছিল। রাজ্যে পালা বদলের পর বুদ্ধ মণ্ডল এবং ওই টিমের অনেকে এলাকা ছাড়া হয়ে যায়। গত সপ্তাহে বুদ্ধ ও কয়েকজন ফিরে আসে। মঙ্গলবার বুদ্ধ ফলতায় সেচদপ্তরের স্লুইস গেটে কাজে যান। তবে বিকাল থেকে আচমকা বেপাত্তা হয়ে যান। সন্ধ্যার পর বাড়ির লোকজন জানতে পেরে ফলতা থানায় যায়। অনেক রাতে নিখোঁজের অভিযোগ হয়। পুলিশ তল্লাশি চালিয়েও পায়নি। শেষে কর্মক্ষেত্র ও আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সূত্র পায়। দেখা যায়, মোটরবাইকে করে পরিচিত দু’জনের সঙ্গে বুদ্ধ যাচ্ছেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই দু’জন এক সময় তৃণমূল করত। কলাতলাহাট অঞ্চলের দলীয় পদে ছিল। শুধু তাই নয়, তোলা আদায়ের টিমের সদস্য ছিল তারা। সেই তোলার টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে এই ঘটনা ঘটল কি না, পুলিশ খতিয়ে দেখছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ