বাগদায় নদী থেকে উদ্ধার কিশোরীর দেহ, সিআইডি তদন্তের দাবি পরিবারের
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বাড়ির পাশে নদী থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়েছে বাগদার কুলধরপুর আদিবাসীপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম পূজা মুন্ডা (১৬)। মঙ্গলবার সকালে বেতনা নদী থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নিখোঁজ হয় পূজা। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর রবিবার বাগদা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পাড়ায় কালীপুজোর বিসর্জন ছিল। সেই অনুষ্ঠানে গিয়েছিল নবম শ্রেণির ছাত্রী পূজা। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। তখন পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় পূজাকে। জানা গিয়েছে, কিছুক্ষণ পর মাসির ছেলে সুরজ মুন্ডা, পিসির ছেলে প্রশান্ত মুন্ডা এবং মামার মেয়ে রূপসা মুন্ডা এসে পূজাকে বাড়ি নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই নিখোঁজ হয়ে যায় সে। এই ঘটনায় পুলিশ সুরজ, রূপসা ও প্রশান্তকে জিজ্ঞাসাবাদ করছে।
জানা গিয়েছে, ছোটবেলায় পূজার মা মারা যান। বাবাও তাকে ছেড়ে চলে যান। এরপর মাসি অনিমা মুন্ডার কাছে থাকত সে। শুক্রবার রাতে বিসর্জন অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়লে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। কিছুক্ষণ পর দাদা সুরজ ও দিদি রূপসা ওই বাড়িতে পূজাকে আনতে যান। রাস্তায় দাঁড়িয়েছিলেন আরেক দাদা প্রশান্ত। পূজাকে প্রশান্ত তাঁর ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেন। এর কিছুক্ষণ পর থেকেই তাকে আর দেখা যায়নি। এদিন সকাল ১০টা নাগাদ বাড়ির পিছনে বেতনা নদীতে পূজাকে পড়ে থাকতে দেখেন রূপসা।খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিন ঘটনাস্থলে আসেন বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাশ্রেক আমরদার, বাগদার এসডিপিও রাম মণ্ডল, বাগদা থানার ওসি রাখোহরি ঘোষ প্রমুখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় আনা হয়েছে। পরিবারের দাবি, এই ঘটনার সিআইডি তদন্ত হোক।পূজার মৃতদেহ উদ্ধারের ঘটনায় একাধিক প্রশ্ন উঠে আসছে। কেন পাশের বাড়ি থেকে দুই দাদা ও দিদি পূজাকে দ্রুত বাড়িতে এনেছিলেন? পূজার ঘরে না শুইয়ে কেন দাদা প্রশান্ত নিজের ঘরে তাকে শুইয়েছিলেন? সূত্র মারফত জানা গিয়েছে, দাদা প্রশান্তের কথায় একাধিক অসঙ্গতি মিলেছে। এমনকী ঘটনার দিন পূজাকে প্রশান্ত ফোন করে বলেও জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  ঘটনাস্থলে পুলিশ।-নিজস্ব চিত্র