সংবাদদাতা, কাঁথি: রামনগরের তাজপুরে সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের পূর্ব উদয়রাজপুরের বাসিন্দা শেখ আনিস ইসলামের (১৮) দেহ অবশেষে উদ্ধার হল। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। এখনও একজন হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুর একটা নাগাদ তাজপুর মোহনা সংলগ্ন জলধা খালে দেহটি ভাসতে দেখেন স্থানীয় মৎস্যজীবীরা। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিস দেহটি উদ্ধার করে। তারপর আনিসের বাড়ির লোকজন দেহ শনাক্ত করেন। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে তাজপুরে মোহনায় উত্তাল সমুদ্রে স্নানে করতে নেমে তলিয়ে যান বারাসতের বাসিন্দা সোহান হাসান (১৬), মধ্যমগ্রামের বাসিন্দা আনিস এবং আমডাঙার আদহাটার বাসিন্দা নাসিমুল হক (২৩)। সোহান ও নাসিমুলকে কোনওরকমে উদ্ধার করেন নুলিয়ারা। তবে নিখোঁজ হয়ে যান আনিস। দু’জনকে বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আশঙ্কাজনক সোহানকে মৃত বলে ঘোষণা করেন। নিখোঁজ আনিসের সন্ধানে স্পিডবোট নিয়ে, ডুবুরি নামিয়ে রাত পর্যন্ত জোরদার তল্লাশি চলে। অবশেষে আনিসের দেহ উদ্ধার হল। নাসিমুল এখনও কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।



