নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তর সিকিমে ধসে নিখোঁজ এক সেনা জওয়ানের দেহ উদ্ধার করা হল। মৃতের নাম সাইনুদ্দিন পি কে। আজ, সোমবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়েছে। গত পয়লা জুন ধস নেমে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ছাতেন সেনা ছাউনি। ওই ঘটনায় সেনা জওয়ান ও তাঁদের পরিবারের সদস্য সহ ছ’জন নিখোঁজ হন। এর মধ্যে একজনের দেহ উদ্ধার হল। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে ভারতীয় সেনার পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
সেনার তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছিল, ধসে নিখোঁজদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল প্রীতপাল সিং সান্ধু, সুবেদার ধরমবীর, নায়েক সুনীলাল মুচাহরি, সিপাই সাইনুদ্দিন পি কে, অবসরপ্রাপ্ত স্কোয়ার্ডন লিডার আরতি সান্ধু (কর্নেলের স্ত্রী), মেয়ে আমিরা সান্ধু। ফলে সিপাই সাইনুদ্দিনের দেহ মেলায় এখনও নিখোঁজ পাঁচজন।
এছাড়া এখনও খোঁজ মেলেনি উত্তর সিকিমের মুন্সিথাংয়ে গাড়ি দুর্ঘটনায় নিখোঁজ পর্যটকদের। প্রবল বৃষ্টির মধ্যে বাঁক নিতে গিয়ে হাজার ফুট নীচে পড়ে যায় পর্যটকদের গাড়ি। ওই ঘটনায় এখনও আট পর্যটক নিখোঁজ। তাঁদের মধ্যে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার এক নয়া দম্পতি রয়েছেন। নিখোঁজ ওই দম্পতির নাম কৌশলেন্দ্রপ্রতাপ সিং (৩২) ও অঙ্কিতা সিং (২৬)। গত ৪ মে বিয়ে হয়েছে তাঁদের। হানিমুনে এসেছিলেন। এছাড়াও ওই গাড়ি দুর্ঘটনায় নিখোঁজদের মধ্যে রয়েছেন বিজেপির ওড়িশার মহিলা মোর্চার নেত্রী ইতশ্রী জেনা ও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য।